সালাহউদ্দিন: জামানত থাকবে না যাদের, তারাই পিআর নির্বাচন চায়

সালাহউদ্দিন: জামানত থাকবে না যাদের, তারাই পিআর নির্বাচন চায়
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় নির্বাচনে অংশ নিলে যাদের জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা আছে, তারাই অনুপাতিক প্রতিনিধিত্ব (Proportional Representation – PR) ভিত্তিক নির্বাচন পদ্ধতির কথা বলছেন।

৫ই জুলাই, শনিবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

এনসিপির নেতাদের উদ্দেশ করে সালাহউদ্দিন বলেন, তারা বলছে, মৌলিক সংস্কার না হলে নির্বাচন করবে না, বিচার না হলে নির্বাচনে যাবে না, এই নির্বাচন কমিশন থাকলে যাবে না। আমাদের কী কী করলে তারা নির্বাচনে যাবে, সে পরামর্শ দিলেই হয়। শুধু ‘নির্বাচন করব না’ বললে তো হবে না।

তিনি আরও বলেন, আমরা যখন সংস্কারের কথা বলছি, বিচার চাচ্ছি—তখন কেউ কেউ বলছেন, আমরা বিচার বিলম্বিত করতে চাই। অথচ যারা এসব বলছে, তারাই নির্বাচনে অংশ নিলে জামানত হারাবে। তারাই পিআর নির্বাচনের পক্ষে কথা বলছে।

আনুপাতিক নির্বাচনের ধারণা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, “বলছে বাংলাদেশের মানুষ নাকি পিআর নির্বাচন চায়। কিন্তু পিআর নির্বাচনের প্রকৃত অর্থ তারা নিজেরাও জানে না।”

সোহরাওয়ার্দী উদ্যানে সাম্প্রতিক একাধিক দলের সমাবেশের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেই সব দল নিম্নকক্ষ ও উচ্চকক্ষে আনুপাতিক হারে নির্বাচনের দাবি তুলছে। এমনকি যেসব দল অতীতে হাসিনাকে হাতপাখা দিয়ে বাতাস করত, তারাও আজ পিআর নির্বাচন চায়।

আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিতদের দিকেও ইঙ্গিত করে তিনি বলেন, তাদের কেউ কেউ এখন সংস্কার কমিশনে গিয়ে বড় বড় কথা বলেন, সুবিধা নিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে যান।

সংস্কার ও বিচারের নামে সময়ক্ষেপণ করে কেউ যেন বিনা ভোটে ক্ষমতায় থাকার স্বপ্ন না দেখে—এ হুঁশিয়ারি দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে প্রয়োজন হলে আবারও সংগ্রাম হবে।

Visited 7 times, 1 visit(s) today