শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে বেহাল পারফরম্যান্সে ইনিংস ব্যবধানে হারের চরম ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে (এসএসসি) সিরিজের দ্বিতীয় টেস্টে তৃতীয় দিনের খেলা শেষে সফরকারীরা একেবারেই কোণঠাসা। ম্যাচের ফল চতুর্থ দিনেই সকালেই দেখার সম্ভাবনা দেখা যাচ্ছে।
তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ৬ উইকেটে ১১৫ রান। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের বিশাল সংগ্রহের বিপরীতে তারা এখনও ৯৬ রানে পিছিয়ে আছে, অর্থাৎ ইনিংস পরাজয় এড়াতে তাদের আরও অন্তত ৯৭ রান প্রয়োজন।
অন্যদিকে,ম্যাচ জিততে শ্রীলঙ্কার প্রয়োজন মাত্র ৪টি উইকেট । বাংলাদেশের হয়ে একমাত্র স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে লিটন দাস ১৩ রানে অপরাজিত আছেন, তার কাঁধেই দলের সামান্য আশা টিকে আছে।
প্রথম ইনিংসে বড় রানের ব্যবধানে পিছিয়ে পড়ায় বাংলাদেশের জন্য এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব। বাকি ব্যাটসম্যানদের ওপর চাপ এতটাই বেশি যে, চতুর্থ দিনের শুরুতেই দ্রুত উইকেট পতনের মাধ্যমে ম্যাচের সমাপ্তি ঘটার ব্যাপক সম্ভাবনা রয়েছে।
প্রথম ইনিংসে বাংলাদেশের ২৪৭ রানের জবাবে ৪৫৮ করে ২১১ রানের লিড নেয় লঙ্কানরা। এখন এই ২১১ রানও তুলতে পারছে না নাজমুল হোসেন শান্তর দল।
