নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র (বৈছা) আন্দোলনে নিহত বগুড়ার শিবগঞ্জের রনির মা-বোনকে বেধড়ক মারধরের অভিযোগ পাওয়া গেছে। বিদ্যুৎ বিলের মতো তুচ্ছ ঘটনায় মা-মেয়েকে মারধর করা হয়।
১৭ই জুন, মঙ্গলবার বিকেলে উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের পঞ্চদাস চুনাতেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে রনির মা শাহানাজ বেগম থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- একই এলাকার ফরহাদ হোসেন (১৯), ফারুক ইসলাম (৩০)। গতকাল দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা নিজেদের বিএনপির কর্মী এবং জুলাই আন্দোলনকারী বলে দাবি করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, জুলাইয়ে নিহত রনির মায়ের সঙ্গে অভিযুক্তদের বিদ্যুৎ বিল নিয়ে আগে থেকেই বিরোধ চলছিল। সেই বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে অভিযুক্তরা শাহানাজ বেগমের (৪৯) বাড়িতে ঢুকে হামলা চালায়। একপর্যায়ে তারা শাহানাজকে অশ্লীল ভাষায় গালাগাল করে এবং এর প্রতিবাদ করলে মেরে ফেলার হুমকি দেয়।
এরপর অন্যান্য অভিযুক্ত লোহার রড, বাঁশের লাঠি ও ধারালো ছুরি দিয়ে তাকে বেধড়ক মারধর করে। এতে গুরুতর আহত হন শাহানাজ বেগম ও তার মেয়ে শিল্পী (২৮)। হামলার সময় নগদ অর্থ ও ব্যাংকের চেক ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে রনির মা শাহানাজ বেগম বলেন, বিদ্যুৎ বিল পাবে, আমি পরিশোধ করব। কিন্তু তারা অন্যায়ভাবে আমাকে ও আমার মেয়েকে মারধর করে আহত করে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে রনির মা-বোনকে মারধর করা হয়েছে, যা খুবই দুঃখজনক। মঙ্গলবার রাতেই তাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়া হয়েছে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, হামলার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জুলাই আন্দোলন চলাকালে ৪ঠা আগস্ট ঢাকার সাভারে রিকশা চালানো অবস্থায় গুলিতে নিহত হন রনি।
