সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ দেখতে দুবাইর ফ্লাইট ধরেছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম। শারজায় ভিআইপি বক্সে বসেই দেখেন দুই ম্যাচ। তিনি ও বিসিবি সভাপতি ফারুক আহমেদের দ্বিতীয় টি-টোয়েন্টি হারের দিন ছিলেন সেখানে। দুই ম্যাচ দেখে বুধবার দেশে ফিরেই বিস্ময়কর এক মন্তব্য করে বসেন ক্ষমতা বদলের পর পরিচালক বনে যাওয়া এই সাবেক কোচ। যাতে আমিরাতের কাছে হারকেও ইতিবাচক হিসেবে তুলে ধরেন তিনি।
সাংবাদিকরা এই প্রভাবশালী পরিচালকের কাছে জানতে চান, বাংলাদেশ দল কেন আমিরাতের মতন দুর্বল দলের কাছে হেরে গেল। জবাবে তিনি বলেন, ‘আমিরাতের কাছে হারায় কোচিং স্টাফ সদস্যরা এখন আরও ভালো বুঝতে পারবেন, দলের ক্রিকেটারদের দুর্বলতাগুলো কী, তা নিয়ে কাজও করতে পারবেন বেশি।’
এই হারকে তিনি বিব্রতকর বলতেই রাজী হননি, ‘না (বিব্রত নই)। যদি আরব আমিরাতের কথাই বলেন, তারা যে খুব দুর্বল দল তা নয়। আমাদের জেতা উচিত ছিল, কোনো সন্দেহ নেই। কিন্তু এটা একটা প্রক্রিয়া। অনেক সময় দুই পা সামনে আগানোর সময় এক পা পেছাতে হয়। আমার মনে হয় এটা সেটা। আমার মনে হয় এটা কিছুটা হলেও আমাদের মনোযোগ ঠিক জায়গায় নিয়ে আসবে।’
তার এই কথার রেশ থাকতেই গত রাতে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিও বাংলাদেশ হেরে সিরিজ খুইয়েছে। আইসিসি সহযোগী সদস্য দেশের বিপক্ষে এমন সিরিজ হার মানতে পারছেন না ক্রিকেটপ্রেমীরা। সেই সঙ্গে তাদের সামনে এসেছে ফাহিমের মন্তব্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। গত ৮-৯ মাসে দেশের ক্রিকেট ক্রমাগত তলানিতে নিয়ে যাওয়ায় ফাহিমের পদত্যাগ দাবি করেন।
অন্তর্বতী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের আস্থাভাজন হয়ে বিসিবিতে আসেন ফাহিম। ক্রিকেট পরিচালনা কমিটির প্রধানের দায়িত্বও নিয়ে নেন, যে কমিটিই মূলত জাতীয় দলের কার্যক্রম পরিচালিত করে।
