নিজস্ব প্রতিবেদক
জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে সরব হয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হলে, সারাজীবন আওয়ামী লীগের সুবিধা নেওয়া উপদেষ্টা ফারুকী ও তার স্ত্রী তিশাকেও গ্রেপ্তার করা উচিত। গণ অধিকার পরিষদের এ নেতার মতে, গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার থেকে দৃষ্টি সরাতেই নুসরাত ফারিয়ার মতো শিল্পীদের ব্যবহার করা হচ্ছে।
রোববার (১৮ মে) গভীর রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে রাশেদ খান লিখেছেন, “নুসরাত ফারিয়াদের গ্রেপ্তার করে মূলত গণহত্যার বিচারকে হালকা করা হচ্ছে।’
উল্লেখ্য রবিবার সকালে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় করা একটি হত্যাচেষ্টা মামলায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় নুসরাত ফারিয়াকে। সোমবার সকালে শুনানির পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ইউনূস সরকারের সমালোচনা করে রাশেদ খান বলেন, “ডামি ৩০০ এমপিদের গ্রেপ্তারের খবর নেই, তাদের সম্পদ বাজেয়াপ্ত করার উদ্যোগ নেই বরং শিল্পীদের টেনে এনে হাস্যকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে। ডাকাত ছেড়ে ছিঁচকে চোর ধরা হচ্ছে।
তিনি প্রশ্ন রাখেন, “কোনও সন্দেহ থাকলে তো বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে তদন্ত চালানো যেতো। সরাসরি গ্রেপ্তার কেন? এটা কি রাঘববোয়ালদের আড়াল করার চেষ্টা নয়?”
