ফরিদপুরে সপ্তম শ্রেণি পড়ুয়া ধর্ষিত শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

ফরিদপুরে সপ্তম শ্রেণি পড়ুয়া ধর্ষিত শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুরের সালথায় ধর্ষণের শিকার এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সম্প্রতি ওই ছাত্রী ধর্ষণের শিকার হয়।

৭ই মে, বুধবার সকাল ১০টার দিকে উপজেলার নিজ বসতঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত ছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ত।

সালথা থানা পুলিশ জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে পার্শ্ববর্তী ফরিদপুর সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের প্রতাপপুর গ্রামের সোহেল রানা (২২)। ভুক্তভোগীর মা প্রবাসে আর বাবা ও ভাই বিভিন্ন এলাকায় দিনমজুরির কাজ করেন। গত ১৪ই মার্চ ওই ছাত্রীকে বাড়িতে একা পেয়ে বখাটে সোহেল তাকে ধর্ষণ করে যায়।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সালথা থানায় একটি মামলা করেন। গত ২০শে এপ্রিল দিবাগত রাতে পটুয়াখালী থেকে অভিযুক্ত সোহেলকে গ্রেপ্তার করে র‌্যাব। আসামি বর্তমানে কারাগারে রয়েছে।

শিশুটির পরিবারের সদস্যরা জানান, সোহেল গ্রেপ্তারের পর তার পরিবার মীমাংসার চেষ্টা করে। কিন্তু এতে অপমানিত হয়ে মানসিকভাবে ভেঙে পড়ে শিশুটি। বুধবার সকালে নিজ ঘরে সে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

সালথা থানার ওসি আতাউর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আমরা যা জানতে পেরেছি, সোহেলের সঙ্গে বিয়ের প্রস্তাব দেয় মেয়েটির পরিবার। কিন্তু এতে সোহেলের পরিবার রাজি না হওয়ায় অপমানে গলায় ফাঁস দেয় সে।

Visited 86 times, 1 visit(s) today