নিজস্ব প্রতিবেদক | ৫ই মে, ২০২৫
সম্প্রতি হেফাজত ইসলামের নারী বিরোধী সমাবেশে বক্তব্য দিয়ে দলের বাইরে এবং ভেতরে তীব্র নিন্দা, ধিক্কার এবং সমালোচনার মুখে পড়েন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এরই মধ্যে রোববার গাজীপুরে তার গাড়িতে হামলার ঘটনা ঘটে। এই ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে গণমাধ্যমকে বলা হয়, রাজনৈতিক হামলার শিকার হয়েছেন হাসনাত। যদিও অনুসন্ধানে জানা যায়, নিজস্ব সিন্ডিকেট নিয়ে গাজীপুরে ঝুট সম্রাজের দখল নিতে যাওয়ায় স্থানীয় বিএনপি নেতাদের হামলার মুখে পড়েন তিনি। তার গাজীপুর যাওয়ার খবরের বিষয়ে জানতো না এনসিপির নেতাকর্মীরাও।
গাজীপুর বাসন এলাকার স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ওই এলাকায় একাধিক গার্মেন্টসের ঝুট ব্যবসা ডিল করার জন্য হাসনাত গোপনে আরেকজনের গাড়ি নিয়ে আসে। আর এই ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টার কারণেই গাজীপুরে এসে বিএনপি কর্মীদের হামলার শিকার হযন তিনি।
জানা যায়, গত বছরের ৫ই আগস্টের পর ওই এলাকায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মহানগর কমিটির সদস্য সচিব হালিম মোল্লা। তিনি থানায় হামলার মদদদাতা, পুলিশের অস্ত্র লুটকারী ও স্থানীয় মাদক ব্যবসার নিয়ন্ত্রক।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, তারেক রহমানের ঘনিষ্ট বন্ধু ও ব্যবসায়িক পার্টনার গিয়াস উদ্দিন আল মামুনের অতি ঘনিষ্ঠ এই হালিম। তিনি বাসন চৌরাস্তা এলাকার ত্রাস। ওই এলাকায় তার একছত্র আধিপত্য। এমনকি বিএনপির বাসন থানার সভাপতি, সাধারণ সম্পাদক পর্যন্ত তাকে সমঝে চলে। এলাকায় ঝুট ব্যসসার তার অধীনে চলে। এর আগেও হাসনাত এই ঝুট ব্যবসার কাজে গাজীপুর এসেছিলেন। বিষয়টি হালিম জানতেন। রোববার হাসনাত এলাকায় এলে তার ওপর লোকজন দিয়ে হামলা করান হালিম।

গাজীপুরের ত্রাস হালিম মোল্লা
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় এনসিপি নেতা জানান, হাসনাত গাজীপুর আসবে, এ ব্যাপারে তারা কিছুই জানতেন না। তারা পরে জানতে পারেন যে, হাসনাত দুপুরের দিকে এসে একাধিক গার্মেন্টসে ভিজিট করেন। একটি গার্মেন্টসর ঊর্ধ্বতন কর্মকর্তাকে না পেয়ে সময় কাটাতে বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে যান। ওখানে গেলেও তিনি কোন এন্ট্রি করেননি। এজন্য এসব বিষয়ে তারা কিছুই জানতে পারেননি। কাজ শেষে ঢাকা রওনা দেয়ার পথে হালিমের লোকজন তার ওপর হামলা করে।
ঝুট ব্যবসার দখল ধরে রাখতে হালিম মোল্লা কতটা মরিয়া, তা টের পাওয়া যায় গত বছরের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পরপর সংঘটিত কয়েকটি সংঘাতের ঘটনায়।
১৯শে আগস্ট ৫০টির মতো মোটরসাইকেলের বহর নিয়ে গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকার ইউটা ফ্যাশনের ঝুট ব্যবসা দখল নিতে যান হালিম। এ নিয়ে আরেক দখলবাজ সন্ত্রাসী, বিএনপির সাবেক কাউন্সিলর মুছার কর্মীদের সাথে সংঘর্ষ হয়। গোলাগুলি ও মারামারিতে আহত হন অনেকেই। আগুন ধরিয়ে দেওয়া হয় ১৭টি মোটরসাইকেলে।
আবার ২৯শে আগস্ট গাছা থানার মোগরখাল এলাকার আলিফ ক্যাজুয়াল ওয়্যারিং গার্মেন্টসের ঝুট ব্যবসা দখল নিতে দলবল নিয়ে সশস্ত্র মহড়া দেন হালিম। তার সঙ্গে ছিলেন স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা নিয়াজ উদ্দিন। নিয়াজের মাদকের গডফাদার।
শুধু এই দুটি গার্মেন্টস কারখানা নয়, গাজীপুর মহানগরীর গাছা, বাসন, চান্দনা চৌরাস্তা, সালনা ও কোনাবাড়ী শিল্প এলাকার সব কটি গার্মেন্টস কারখানায় বর্তমানে নতুন আতঙ্ক হালিম মোল্লা। এ নিয়ে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে অনেক সংবাদ হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে তার সশস্ত্র মহড়ার অসংখ্য ভিডিও। প্রায় প্রতিদিনই হালিম দলবল হানা দেন গার্মেন্টসগুলোতে। শুধু ঝুট নয়, চান্দনা চৌরাস্তার মাইক্রোবাসস্ট্যান্ড, এলাকার ব্যাটারিচালিত রিকশার চাঁদাবাজিও এখন তার নিয়ন্ত্রণে।
বাসন থানার বর্ষা সিনেমা হল এলাকার টেক্স ইউরো ফ্যাশনের এক কর্মকর্তা বলেন, ঝুট ব্যবসা করতে হালিম মোল্লা কারখানায় এসে হুমকি দিয়ে গেছেন। আমরা আতঙ্কের মধ্যে আছি।
ভোগড়া বাইপাস এলাকার স্কয়ার ফ্যাশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখন এলাকার নতুন আতঙ্ক হালিম মোল্লা। দলবল নিয়ে কারখানায় এসে ব্যবসা দিতে বলে যাচ্ছে। বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের একাধিক গ্রুপ ব্যবসা দাবি করছে। তাদের মধ্যে হালিম মোল্লা সবচেয়ে বেপরোয়া। সিনিয়র নেতারা হস্তক্ষেপ না করলে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
এনসিপির কয়েকজন কর্মী বলেন, বিএনপি নেতা হালিম মোল্লার এই ত্রাসের রাজত্বে অন্য কেউ এসে ব্যবসার ভাগ বসানোর চেষ্টা করলে তার পরিণতি ভালো হবে না। হাসনাত আব্দুল্লাহর এখানে আসা হালিম মোল্লা ভালো চোখে দেখেনি বলেই হয়ত এই হামলা। এরচেয়েও খারাপ কিছু ঘটতে পারত, হাসনাতের ভাগ্য ভালো যে ঘটেনি।
এদিকে বৈছা নেতা হাসনাত আবদুল্লাহর গাড়ির কাচ ভাঙা ও তার কনুইতে ব্যথা দেওয়ার ঘটনায় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৫৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হক।
তিনি বলেন, হাসনাত আবদুল্লাহর আহত হওয়ার ঘটনাটিকে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। ঘটনার পর থেকেই পুলিশের একাধিক দল হামলাকারীদের চিহ্নিত করে আটক করতে অভিযান পরিচালনা করছে। এখন পর্যন্ত ৫৪ জনকে আটক করা হয়েছে। ইতিমধ্যে এ ঘটনায় গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ডের যুবলীগ নেতা নিজাম উদ্দিনকে বাসন এলাকা থেকে এবং শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ ওরফে দিপুকে আটক করে কাশিমপুর থানায় নেওয়া হয়েছে।
