এবার রামপুরায় তিনটি করিডোরের পরিকল্পনা

এবার রামপুরায় তিনটি করিডোরের পরিকল্পনা
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর প্রগতি সরণির যানজট নিরসনের লক্ষ্যে বিকল্প রাস্তা নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

এর অংশ হিসেবে ৩০০ ফিট সড়কের দ্বিতীয় ইউটার্ন থেকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আফতাবনগর হয়ে রামপুরা পর্যন্ত ৩টি করিডোর খোলার পরিকল্পনা করছে ডিএনসিসি।

সম্ভাব্যতা যাচাইয়ে সরেজমিন পরিদর্শনে গিয়ে শনিবার এ তথ্য জানান ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

তিনি বলেন, এই তিনটি করিডোর যদি খুলে দেওয়া যায়, তাহলে প্রগতি সরণি এলাকার পাশাপাশি আশেপাশের এলাকার যানজটও সহনীয় মাত্রায় চলে আসবে।

তিনি জানান, এই উদ্যোগ বাস্তবায়নে ডিএনসিসির সঙ্গে যৌথভাবে কাজ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও এমআরটি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, প্রগতি সরণির বিভিন্ন পয়েন্টে চলমান মেট্রোরেল নির্মাণকাজের কারণে মাঝে মাঝে সংশ্লিষ্ট এলাকায় তীব্র যানজট ও জনদুর্ভোগ ঘটে। এ সমস্যা সমাধানে কিছু ডাইভারশন রাস্তা ও সার্ভিস লেন প্রস্তুতের নির্দেশনাও দিয়েছেন ডিএনসিসি প্রশাসক।

ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

Visited 201 times, 1 visit(s) today