বিদ্রোহী নারী ফুটবলাররা অবশেষে চুক্তিতে ফিরেছেন

বিদ্রোহী নারী ফুটবলাররা অবশেষে চুক্তিতে ফিরেছেন
শেয়ার করুন

বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের বিদ্রোহী ১৮ জন খেলোয়াড় যারা যারা কিছুদিন আগে বিভিন্ন দাবিতে অনুশীলনে যোগ দেওয়া থেকে বিরত ছিলেন, তাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কেন্দ্রীয় চুক্তির আওতায় আনা হয়েছে। এই খেলোয়াড়দের মধ্যে রয়েছেন সাবিনা খাতুন, সানজিদা আক্তার, মারিয়া মান্দা এবং ঋতুপর্ণা চাকমার মতো পরিচিত মুখ।

বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ গণমাধ্যমকে এই তথ্য দিয়েছেন। এর আগে, ফেডারেশন আরও ৩৬ জন নারী ফুটবলারের সঙ্গে ছয় মাসের জন্য চুক্তি করেছিল। নতুন ১৮ জন খেলোয়াড় অন্তর্ভুক্ত হওয়ায় এখন মোট ৫৪ জন খেলোয়াড় বাফুফের কেন্দ্রীয় চুক্তির অধীনে এলেন।
কিরণ জানান, “বাকি যে ১৮ জন খেলোয়াড় ছিলেন, তারা গত সপ্তাহেই বাফুফের সাথে ছয় মাসের চুক্তিতে স্বাক্ষর করেছেন। এই চুক্তি স্বাক্ষরের দিন থেকেই কার্যকর হবে।”

চুক্তি স্বাক্ষরকারী এই খেলোয়াড়দের মধ্যে আটজন বর্তমানে জাতীয় দলের প্রধান কোচ পিটার বাটলারের তত্ত্বাবধানে চলমান ক্যাম্পে অনুশীলন করছেন। তবে, সাবিনা, সানজিদা, মারিয়া, ঋতুপর্ণা, মনিকা চাকমা, মাসুরা পারভিন, কৃষ্ণা রানী, রুপনা চাকমা, শামসুন্নাহার সিনিয়র এবং মাতসুশিমা সুমাইয়ার মতো দশজন খেলোয়াড় এই মুহূর্তে ভুটানের লিগে খেলতে যাওয়ায় দেশে নেই।

ভুটানে অবস্থানরত খেলোয়াড়দের সাথে কিভাবে চুক্তি সম্পন্ন হলো, সেই বিষয়ে কিরণ ব্যাখ্যা করে বলেন, “আমরা ভুটানে থাকা সেই ১০ জন খেলোয়াড়কে চুক্তির কাগজপত্র অনলাইনে পাঠিয়েছিলাম। তারা সেখানে স্বাক্ষর করে আমাদের কাছে ফেরত পাঠিয়েছেন।”

গত ৩০ জানুয়ারি ১৮ জন নারী ফুটবলার বিভিন্ন অভিযোগ তুলে ইংলিশ কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সময় জাতীয় দলের ক্যাম্পে মোট ৫৫ জন খেলোয়াড় ছিলেন। বিদ্রোহীরা তাদের অবস্থানে অনড় থাকায়, তাদের এবং আরও একজনকে বাদ দিয়ে বাফুফে পরবর্তীতে ৩৬ জন খেলোয়াড়ের সাথে চুক্তি করে।

তবে সেরা তারকাদের ছাড়া বাংলাদেশ নারী দল হারতে থাকলে বাফফে নমনীয় হতে বাধ্য হয়। যদিও বাটলারকে কোচ হিসেবে রেখে দেওয়া হয়েছে।

Visited 24 times, 1 visit(s) today