পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যোগাযোগের চেষ্টা, ভারতে গ্রেপ্তার বাংলাদেশী বংশোদ্ভূত দুই মার্কিন নাগরিক

পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যোগাযোগের চেষ্টা, ভারতে গ্রেপ্তার বাংলাদেশী বংশোদ্ভূত দুই মার্কিন নাগরিক
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

ভারতের মিজোরামে বাংলাদেশি বংশোদ্ভূত দুই মার্কিন নাগরিককে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএ/এফ) নেতাদের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার লেংপুই বিমানবন্দরে তাদের গ্রেপ্তারের পর রাজ্য সরকার তাদের মিজোরাম থেকে বহিষ্কার করে। রোববার এনডিটিভি জানায়, আটক ব্যক্তিরা বাংলাদেশে সক্রিয় সশস্ত্র সংগঠন কেএনএ/এফ-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন।

গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, ২ মে পর্যটক ভিসায় চারজন মার্কিন নাগরিক আইজলে পৌঁছান। তাদের মধ্যে চেকুন ও সারন নামে দুইজনকে শনাক্ত করা হয়েছে। বাকি দুইজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তারা কেএনএ/এফ প্রধান লাওনচেও বাওমের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন, যিনি এই সশস্ত্র সংগঠনের প্রতিষ্ঠাতা এবং বর্তমানে পলাতক।

কেএনএ/এফ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সক্রিয়। তারা মিজোরামের লাওয়াংতলাই জেলার দিকে যাওয়ার পরিকল্পনা করছিলেন, যেখানে সীমান্তবর্তী বম সম্প্রদায়ের শরণার্থী শিবির রয়েছে। ধারণা করা হচ্ছে, শিবির পরিদর্শনের আড়ালে তাদের লক্ষ্য ছিল কেএনএ/এফ-এর সঙ্গে বৈঠক।

ভারতের নিরাপত্তা সংস্থাগুলো জানায়, সংগঠনটির গঠনের সময়ও কিছু বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক যুক্ত ছিলেন এবং এখনও সীমান্তে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে সহায়তার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

ফেব্রুয়ারিতে কুকি-চিন গোষ্ঠী ‘কেএনএ/এ’ নাম গ্রহণ করলেও এখন তারা ‘কেএনএ/এফ’ নামে পরিচিত।

Visited 951 times, 1 visit(s) today