জাবি প্রতিনিধি
ছাত্রদল, গুপ্ত সংগঠন ছাত্রশিবির ও বৈছা কর্মীদের হামলায় নিহত ছাত্রলীগ নেতা শামীম মোল্লার নাম ৭ মাস পর ‘সাময়িক বহিষ্কারের’ তালিকায় রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।
যেখানে তিনি নিজে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সেই ঘটনার বিচার তো হয়নি, উল্টো ‘শাস্তি তালিকায়’ তার নাম উঠে আসায় ক্ষোভ ছড়িয়েছে ক্যাম্পাসে।
শামীম ছিলেন ইতিহাস বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। যদিও তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি ছেড়ে ছিলেন ২০২১ সালেই।
কিন্তু ৫ই আগস্টের রাজনৈতিক পট-পরিবর্তনের পর কোন ধরণের পূর্বশত্রুতা না থাকা স্বত্তেও ২০২৪ সালের ১৮ই সেপ্টেম্বর বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তাকে ঘিরে ফেলে বৈছা কর্মীরা। তারপর ছাত্রদল ও শিবিরের সন্ত্রাসীরা সেখানে জড়ো হয়ে রড, বাঁশ, লাঠি ও লাথি-ঘুষিতে প্রায় এক ঘণ্টা ধরে তাকে অকথ্য নির্যাতন করে।
তাকে পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় নেওয়া হয়, সেখান থেকে প্রক্টর অফিসে। অভিযোগ রয়েছে, সেখানেও তাকে নির্যাতন করা হয়। এর মধ্যে অন্তত ৪ দফা তাকে নির্মমভাবে পেটানো হয়। তিন ঘণ্টা পর পুলিশ এসে নিয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, শামীম আগেই মারা গেছেন।

এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার সুদীপ্ত শাহীন বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৮ শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতপরিচয় ২০-২৫ জনকে আসামি করা হয়।
পরবর্তীতে, ২০২৪ সালের ৯ই অক্টোবর, নিহত শামীম মোল্লার বড় ভাই মো. শাহিন আলম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি পৃথক মামলা দায়ের করেন। ওই মামলায় বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন, সহকারী নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী সজল, প্রক্টর এ কে এম রাশিদুল আলমসহ ১২ জনকে আসামি করা হয়।
এমন একটি ঘটনায় নিহত ব্যক্তিকেই পরে ‘সাময়িক বহিষ্কারের’ তালিকায় রাখা হলো। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ ২০২৫ সালের ২৭শে মার্চ ‘বিশৃঙ্খলায় জড়িতদের’ নাম উল্লেখ করে একটি চিঠি দেয়। তালিকায় ১ নম্বরে রয়েছে শহিদ শামীম মোল্লার নাম।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক একাধিক সূত্র জানিয়েছে, ‘তদন্ত কমিটির’ সুপারিশের ভিত্তিতেই বিভাগ এই সিদ্ধান্ত নেয়। তবে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি, এবং তদন্তে অভিযুক্তদের নাম কখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
শামীমের সহপাঠী ও ছাত্রলীগ নেতারা বলছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরো ঘটনার শুরু থেকেই একপেশে অবস্থান নিয়েছে। হত্যাকাণ্ডে অভিযুক্তদের আড়াল করতে তদন্ত ধামাচাপা দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে এখন নিহত ব্যক্তির নামও শাস্তির তালিকায় ঢোকানো হয়েছে।
একজন সাবেক ছাত্রলীগ নেতা মাহবুবুল হক ফেসবুকে লিখেছেন, “যাকে মব করে পিটিয়ে হত্যা করা হলো, তাকে এখন বিশ্ববিদ্যালয় বহিষ্কার করছে। এটা কেবল অন্যায় নয়, অপমানজনক।”
বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, “এটা একটি কল্পনাতীত নজির। বিশ্ববিদ্যালয় প্রশাসন এমনভাবে চলছে যেন এখানে ন্যায়বিচারের জায়গা নেই।”
এদিকে, এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ প্রকাশ করছেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। অনেকেই বলছেন, এটি ‘দ্বিতীয়বার হত্যাকাণ্ডের’ মতো। একইভাবে শহিদ শামীম মোল্লার পরিবারও এই ‘বহিষ্কার’ চিঠি দেখে হতবাক। তার বড় ভাই বলেন, “শামীম মরে গেছে, তার নামে বহিষ্কার! এতটা নিষ্ঠুরতা কীভাবে সম্ভব?”
তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা বিভাগীয় সভাপতির কেউ এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেননি। প্রশাসনিক কর্মকর্তারা এ নিয়ে গণমাধ্যমের প্রশ্ন এড়িয়ে গেছেন।
ঘটনার ৭ মাস পর এমন সিদ্ধান্তের ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আবারও সমালোচনার মুখে পড়েছে। শিক্ষার্থীদের একাংশ ইতোমধ্যে বিভাগীয় চিঠি প্রত্যাহারের দাবি তুলেছে।
