নিজস্ব প্রতিবেদক | ২০শে এপ্রিল, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচজন শিক্ষার্থী খাগড়াছড়ি থেকে অপহৃত হওয়ার পাঁচ দিন পেরিয়ে গেলেও তাদের সন্ধান মেলেনি। ২০শে এপ্রিল, রোববার সকাল পর্যন্ত অপহৃতদের উদ্ধার করা সম্ভব হয়নি। তাদের খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী।
অপহৃতদের মুক্তির দাবিতে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান—তিন পার্বত্য জেলার বিভিন্ন স্থানে সকাল ১০টা থেকে বিক্ষোভ-মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে ‘খাগড়াছড়ি আদিবাসী ছাত্র সমাজ’।
এর আগে অপহৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানায় জনসংহতি সমিতি (জেএসএস) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ, বিশ্ববিদ্যালয় ও কলেজপড়ুয়া পাহাড়ি শিক্ষার্থীরা এবং অপহৃতদের পরিবারের সদস্যরা।
১৬ই এপ্রিল, বুধবার বিজু উৎসব শেষে চট্টগ্রাম ফেরার পথে চবির পাঁচ শিক্ষার্থী—রিশন চাকমা, মৈত্রীময় চাকমা, দিব্যি চাকমা, লংঙি ম্রো এবং অলড্রিন ত্রিপুরা—অপহরণের শিকার হন।
এ ঘটনায় ইউপিডিএফকে (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) দায়ী করেছেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিপন ত্রিপুরা। তবে ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা অভিযোগ অস্বীকার করেছেন।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, “তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃতদের অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে। তাদের উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”
পার্বত্য অঞ্চলের নিরাপত্তা ঝুঁকি নিয়ে মার্কিন সতর্কতার মধ্যেই দুই মোবাইল টাওয়ার টেকনিশিয়ান অপহৃত
মার্কিন দূতাবাস পার্বত্য এলাকায় তাদের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ ঘোষণার মধ্যে এবার খাগড়াছড়ির মানিকছড়িতে মোবাইল ফোন অপারেটর কোম্পানির দুই টেকনিশিয়ানকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়েছে।
১৯শে এপ্রিল, শনিবার দুপুরে মানিকছড়ি উপজেলার ময়ুরখীল এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে বলে জানা গেছে।
অপহৃতরা হলেন- মো. ইসমাইল হোসেন (৩৫) ও আব্রে মারমা (২৫)।
অপহৃতদের স্বজন ও এলাকাবাসী জানান, শনিবার দুপুর ১টার দিকে মানিকছড়ি উপজেলার খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের কাছে ধর্মঘরস্থ ময়ুরখীল বিলে থাকা মোবাইল টাওয়ার মেরামত করতে যান টেকনিশিয়ান মো. ইসমাইল হোসেন ও আব্রে মারমা। এসময় অস্ত্রধারীরা তাদেরকে জোরপূর্বক নামিয়ে মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। বর্তমানে তারা কোথায় আছেন কেউ জানে না। এখন পর্যন্ত কোনও সংগঠন অপহরণের দায় স্বীকার করেনি।
সম্প্রতি পাহাড়ে যে উত্তেজনা চলছে তারই রেশে এই অপহরণ বলে জানান স্থানীয়রা।
মানিকছড়ি থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, ‘দুজন টেকনিশিয়ান অপহরণের বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে কেউ কোনো নিখোঁজ ডায়েরি কিংবা অভিযোগ করেনি।’
এর আগে, গত ২২শে জানুয়ারি ভোরে একযোগে খাগড়াছড়ির দীঘিনালা, মানিকছড়ি ও মাটিরাঙা উপজেলায় ৮টি মোবাইল ফোন নেটওয়ার্কের টাওয়ার ভাঙচুর ও আগুন লাগিয়ে ক্ষতিগ্রস্ত করে দুর্বৃত্তরা।
বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঝুঁকি: মার্কিন নাগরিকদের পার্বত্য চট্টগ্রাম ভ্রমণে সতর্কতা জারি দূতাবাসের
শুক্রবার জারিকৃত এক সতর্কবার্তায় পার্বত্য চট্টগ্রামে অপরাধ, সন্ত্রাস, অপহরণ এবং অন্যান্য নিরাপত্তা ঝুঁকির কারণে খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবানসহ পার্বত্য জেলাগুলো ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
অন্তবর্তী সরকারের সময়ে অস্থিতিশীলতা এবং সহিংসতা বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে দূতাবাস মন্তব্য করেছে ‘বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঝুঁকি রয়েছে’। তাই বাংলাদেশ ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনা করতেও পরামর্শ দিয়েছে দূতাবাস। সতর্কবার্তায় বাংলাদেশকে লেভেল-৩ এবং পার্বত্য চট্টগ্রামকে লেভেল-৪ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
উল্লেখ্য, গত কিছুদিন ধরে বিডি ডাইজেস্ট-এর বেশ কিছু প্রতিবেদনে উঠে এসেছে কীভাবে বাংলাদেশকে সম্ভাব্য ছায়াযুদ্ধে (প্রক্সি ওয়ার) জড়িয়ে ফেলা হচ্ছে। এ সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত প্রকাশ হলে দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।
মার্কিন দূতাবাসের নিজস্ব গোয়েন্দা সূত্র বিডি ডাইজেস্ট-এর তথ্যের সত্যতা পেয়েছে, যা নিশ্চিত হওয়া গেছে নাগরিকদের ওপর ভ্রমণ সতর্কতা জারি ও এ সংক্রান্ত নির্দেশনা থেকে।
মার্কিন দূতাবাসের এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নানাভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন কূটনীতিকরা। সম্প্রতি পাহাড়ে অপহরণ ও সন্ত্রাসবাদী কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় মার্কিন দূতাবাস নিজ দেশের নাগরিকদের এই আহ্বান জানিয়েছে বলে জানা গেছে।
মার্কিন দূতাবাসের সতর্কবার্তায় তাদের নাগরিকদের উদ্দেশ্যে বলা হয়েছে, অস্থিতিশীলতা, অপরাধ ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের কারণে বাংলাদেশ ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনা করুন। কয়েকটি এলাকায় নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পেয়েছে।
পার্বত্য চট্টগ্রাম ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে, জাতিগত সহিংসতা, অপরাধ, সন্ত্রাস, অপহরণ এবং অন্যান্য নিরাপত্তা ঝুঁকির কারণে খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবান- অর্থাৎ পার্বত্য জেলাগুলো ভ্রমণে বিরত থাকুন।
এতে আরও বলা হয়েছে, বর্তমান অন্তবর্তী সরকারের সময়ে অস্থিতিশীলতা এবং সহিংসতা বৃদ্ধি পেয়েছে। বিচ্ছিন্ন বিক্ষোভগুলো যে কোনো সময় সহিংসতা রূপ নিতে পারে। মার্কিন নাগরিকদের এসব জমায়েত, শান্তিপূর্ণ হলেও এড়িয়ে চলতে বলা হচ্ছে। কারণ যে কোনো সময় পরিস্থিতি সহিংস হয়ে উঠতে পারে।
এছাড়াও, বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঝুঁকি রয়েছে বলেও নাগরিকদের সতর্ক করেছে মার্কিন দূতাবাস। সতর্কবার্তায় মার্কিন সরকারি কর্মচারীদের খুব প্রয়োজন ছাড়া কূটনৈতিক এলাকার বাহিরে না যেতে বলা হয়েছে। ঢাকার বাহিরে ভ্রমণ করতে তাদের বিশেষ অনুমোদন নিতে বলা হয়েছে।
