ঢাকায় আওয়ামী লীগের একাধিক মিছিল, হাসনাতের পরে ‘পিষ্ট’ হওয়ার শঙ্কা রাশেদের

ঢাকায় আওয়ামী লীগের একাধিক মিছিল, হাসনাতের পরে ‘পিষ্ট’ হওয়ার শঙ্কা রাশেদের
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২০শে এপ্রিল, ২০২৫

ঢাকায় পরপর তিনদিন একাধিক জায়গায় আওয়ামী লীগের বড় বড় মিছিল হওয়ায় ‘পিষ্ট’ হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

আজ ২০শে এপ্রিল, রোববার সকালে ডেমরা, যাত্রাবাড়ী ও ধানমণ্ডিতে মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শ্যামলী থেকে আগারগাঁও রোডে মিছিল করেছে আওয়ামী যুবলীগ। অন্যদিকে মিরপুরে মিছিল করেছেন বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। এছাড়া খুলনা বিভাগীয় শহরের এ বিশাল মিছিল থেকে ‘অবৈধ ইউনূস সরকারের’ পদত্যাগ দাবি করেছনে খুলনা জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

গত মঙ্গলবারও ঢাকার বাড্ডায় আওয়ামী লীগের বড় একটি মিছিল হয়েছিল। সেই প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ ফেসবুক স্ট্যাটাসে লেখেছিলেন, ‘মিছিল বড় হচ্ছে আওয়ামী লীগের।’

হাসনাতের সুরেই কথা বললেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। নিজের ফেসবুক থেকে স্ট্যাটাসে তিনি সকালে খুলনায় আওয়ামী লীগ ‘বিশাল মিছিল’ এর কথা উল্লেখ করে লেখেন, “দিন যত যাচ্ছে, আওয়ামী লীগের মিছিলের সারি তত বড় হচ্ছে!”

আওয়ামী লীগবিরোধী বৃহত্তর ঐক্যের ডাক দিয়ে তিনি লেখেন, “আওয়ামী লীগ কোন ‘ছোট শক্তি নয়’। যদি আওয়ামী লীগকে ছোট ভেবে ধাক্কা দেবেন না মনে করেন, তাহলে আওয়ামী লীগ সংগঠিত হয়ে এমন ধাক্কা দেবে, তখন সকলে পিষ্ট হয়ে যাবেন।”

রাশেদ খাঁন সবার কাছে আর্জি জানিয়ে বলেন, “সুতরাং বাঁচতে চাইলে ঐক্য, নইলে হবেন পিষ্ট! আওয়ামী লীগ ফিরতে পারলে রবে না কিছু অবশিষ্ট!”

গণঅধিকার পরিষদের এই নেতা আরও লেখেন, “সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব, ভোটের রাজনীতির মারপ্যাঁচ ও বিদেশীদের সহযোগিতায় খুব শীঘ্রই রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে আওয়ামী লীগ! ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে ন্যূনতম বোঝাপড়া ছাড়া আওয়ামী লীগের ফেরানো কেউ থামাতে পারবে না,” বলেও শঙ্কা প্রকাশ করেছেন ১৮ সালের কোটা আন্দোলন থেকে জাতীয় রাজনীতিতে প্রবেশ করা এ নেতা।

এর আগে পুলিশের বিরুদ্ধে আওয়ামী লীগ মিছিল করলে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদেরকে বলেছিলেন, “মিছিল যেন ভবিষ্যতে না হয়, সে জন্য পুলিশকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ যদি এই ব্যাপারে নিষ্ক্রিয় হয়, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে”।

যদিও তার হুঁশিয়ারির পরদিনই আরও বিশাল মিছিল করেছে ৫ই আগস্ট পশ্চিমা ডিপ স্টেটের সহয়তায় সেনা-ছাত্র অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগ।

Visited 156 times, 1 visit(s) today