জেলা প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মোহনপুর বাজারে গতকাল শুক্রবার গভীর রাতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। রাত আনুমানিক ৩টার দিকে একটি মিনি ট্রাকে করে আসা ২০-২৫ জনের সংঘবদ্ধ ডাকাত দল ৭ নৈশপ্রহরীকে বেঁধে রেখে চারটি দোকানের তালা কেটে প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা হলেন— বিএডিসি অনুমোদিত বীজ ডিলার মেসার্স পাপড়ি ট্রেডার্সের মো. মেহেদী হাসান, মেসার্স স্বাদ ট্রেডার্সের সানাউল ইসলাম, মেসার্স জহুরা ইলেকট্রনিক অ্যান্ড হার্ডওয়্যারের ফজলুর রহমান এবং মুদি ব্যবসায়ী সাইফুল ইসলাম।
নৈশপ্রহরী রফিকুল ইসলাম জানান, “আমিসহ আরও ৬ জন বাজারে ডিউটি করছিলাম। হঠাৎ একটি মিনি ট্রাক এসে থামে। ট্রাক থেকে নেমে একজন আমাকে রড দিয়ে আঘাত করে, আমার মাথা ফেটে যায়। এরপর অস্ত্রের মুখে আমাদের সবাইকে বেঁধে ফেলে একটি দোকানে আটকে রাখে। ডাকাতরা একে একে দোকানগুলোতে ঢুকে মালামাল লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় আমাদের মধ্যে একজন, কানা রফিকুলের হাত খুলে দেয়। পরে আমরা দোকান মালিকদের খবর দিই।”
মেসার্স স্বাদ ট্রেডার্সের মালিক সানাউল ইসলাম বলেন, “ডাকাতরা প্রথমেই আমার দোকানের সিসি ক্যামেরা ভেঙে ফেলে। এরপর ভিতরে ঢুকে কীটনাশকের প্রায় ৭ লাখ টাকার মালামাল নিয়ে যায়। আজ সকালে থানায় অভিযোগ দিয়েছি।”
স্থানীয় ইউপি সদস্য মামুনুর রশিদ পিন্টু বলেন, “মোহনপুর এলাকায় দীর্ঘদিন এমন ঘটনা ঘটেনি। আমরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে থানায় গিয়ে পুলিশকে জানিয়েছি। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।”
এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, “ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় বাজার এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ব্যবসায়ীরা বাজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
