তথ্যপ্রযুক্তি ডেস্ক
মহাবিশ্ব তার বিশালতা, রহস্য আর অসীমতার জন্য যুগে যুগে মানবজাতিকে মুগ্ধ করেছে। এর শুরু এবং শেষ নিয়ে বহুদিন ধরে বিজ্ঞানী, দার্শনিক আর চিন্তাবিদেরা ভাবছেন। মহাবিশ্বের সম্ভাব্য সমাপ্তি নিয়ে অনেক তত্ত্বের মধ্যে, ‘বিগ ক্রাঞ্চ’ তত্ত্বটি বিশেষভাবে আকর্ষণীয় এবং নাটকীয়।
ভাবুন এক দূর ভবিষ্যতের কথা, যখন রাতের আকাশ আর অসীম নয়। যে গ্যালাক্সিগুলো একসময় দূরে সরে যাচ্ছিল, তারা ধীরে ধীরে থেমে যেতে শুরু করে, যেন কোনও অদৃশ্য শক্তি তাদের টেনে আনছে। এটাই ‘বিগ ক্রাঞ্চ’-এর ধারণা। এতে মনে করা হয়, মহাবিশ্বের প্রসারণ চিরকাল চলবে না। বরং একসময় থেমে গিয়ে উল্টো দিকে সংকুচিত হতে থাকবে, যতক্ষণ না সবকিছু একটি উত্তপ্ত বিন্দুতে ফিরে আসে।
এভাবে কেন শেষ হতে পারে, তা বুঝতে হলে মহাবিশ্বের শক্তিগুলোকে বোঝা জরুরি। প্রায় ১৪ বিলিয়ন বছর আগে বিগ ব্যাং-এর মাধ্যমে মহাবিশ্ব প্রসারিত হতে শুরু করে। অদৃশ্য ডার্ক এনার্জি গ্যালাক্সিগুলোকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু গ্রাভিটি বা মাধ্যাকর্ষণ শক্তি সবকিছুকে একত্রে ধরে রাখার চেষ্টা করে। যদি মাধ্যাকর্ষণ জয়ী হয়, একসময় পুরো মহাবিশ্ব আবার নিজের ভেতরে ধসে পড়বে।
বিগ ক্রাঞ্চের সময়রেখায় একটি টার্নিং পয়েন্ট থাকবে। শুরুতে ধীরে ধীরে মহাবিশ্বের প্রসারণ কমে যাবে। কোটি কোটি বছর পর গ্যালাক্সিগুলো আর দূরে যাবে না। তারপর, একটি বল শীর্ষে পৌঁছে পড়ে যাওয়ার মতো, তারা আবার ধীরে ধীরে কাছাকাছি আসবে। ছোট বিপরীতমুখী প্রক্রিয়াটি দ্রুত ভয়াবহ রূপ নেবে। গ্যালাক্সিগুলো ধাক্কা খাবে, তারা ভেঙে যাবে, আর সময়-স্থান ভাঁজ হতে শুরু করবে।
যখন মহাবিশ্ব সংকুচিত হবে, তখন তাপমাত্রা অবিশ্বাস্যভাবে বেড়ে যাবে। পদার্থের ভীষণ চাপ এত তীব্র হবে যে পরমাণুগুলোও একত্রে থাকতে পারবে না। তারাগুলো আবার জ্বলে উঠবে এবং শেষে ধ্বংস হয়ে যাবে। ব্ল্যাক হোলগুলোও একত্র হয়ে ভয়ঙ্কর সংঘর্ষ তৈরি করবে। প্রতিটি মুহূর্তে মহাবিশ্ব আরও গরম, ঘন এবং বিশৃঙ্খল হয়ে উঠবে।
ভাবুন আপনি যদি সেই শেষ সময়ে কোনও দূর গ্রহে দাঁড়িয়ে থাকতেন। আকাশে যেখানে একসময় শান্ত আলোর তারা ছিল, সেখানে থাকবে গ্যালাক্সির ধ্বংসযজ্ঞ। মাধ্যাকর্ষণ এত তীব্র হবে যে সময়ও ধীর হয়ে যাবে। সেকেন্ডগুলো ঘন্টার মতো দীর্ঘ লাগবে। এটা হবে এক মরতে থাকা মহাবিশ্ব, নিজের ওজনেই ধসে পড়ছে।
তবু, এই ধ্বংসের মধ্যেও এক অদ্ভুত সৌন্দর্য আছে। বিজ্ঞানীরা মনে করেন, যখন সবকিছু সংকুচিত হয়ে একটি বিন্দুতে পরিণত হবে, তখন সেটি আবার বিগ ব্যাং-এর মতো পরিস্থিতি তৈরি করতে পারে। কোয়ান্টাম মেকানিক্স এবং সাধারণ আপেক্ষিকতা তখন একত্র হবে, যা বিজ্ঞানের অন্যতম বড় রহস্য। হয়তো এই সংকুচিত বিন্দু থেকেই আরেকটি বিগ ব্যাং শুরু হবে। হয়তো এই শেষই আরেকটি শুরু, যেটি বারবার পুনরাবৃত্তি হবে।
চক্রাকার মহাবিশ্বের ধারণা নতুন নয়। প্রাচীন সভ্যতার লোকেরাও সৃষ্টি ও ধ্বংসের চক্র নিয়ে ভেবেছিলেন। যদি বিগ ক্রাঞ্চ সত্য হয়, তাহলে আমরা হয়তো অসংখ্য মহাবিশ্বের মধ্যে একটি তে বাস করছি, যার প্রত্যেকটির নিজস্ব সময়রেখা, সভ্যতা এবং গল্প রয়েছে।
তবে, এই নাটকীয় সমাপ্তি আদৌ ঘটবে কি না তা অনিশ্চিত। ২০শ শতকের শেষ দিকে জ্যোতির্বিজ্ঞানীরা আবিষ্কার করেন যে মহাবিশ্বের প্রসারণ কমছে না; বরং বাড়ছে। ডার্ক এনার্জি মহাবিশ্বকে শীতল ও অন্ধকার করে তুলবে, যাকে ‘বিগ ফ্রিজ’ বলা হয়। কিছু বিজ্ঞানী আরও ভয়াবহ এক ভবিষ্যতের কথা বলেন, যাকে ‘বিগ রিপ’ বলা হয়, যেখানে ডার্ক এনার্জি সময়-স্থানকেই ছিড়ে ফেলবে।
তবুও, বিগ ক্রাঞ্চ এক আকর্ষণীয় চিন্তার খোরাক। এটি শুরু এবং শেষের মধ্যে এক ভারসাম্যের অনুভূতি দেয়। এটি আমাদের ভাবতে বাধ্য করে যে কিছুই চিরকাল টিকে থাকে না, এমনকি মহাবিশ্বও নয়। তবে এই চক্রাকার ধারণায় হয়তো শেষ বলতে কিছু নেই। হয়তো সবকিছু আবার শুরু হবে, এক অনন্ত কসমিক চক্রে।
তারার দিকে তাকালে এই প্রশ্ন মাথায় আসাই স্বাভাবিক যে সবকিছুর শেষ কীভাবে হবে। মহাবিশ্ব হিমায়িত হবে, ছিঁড়ে যাবে, নাকি নিজের মধ্যে ধসে পড়বে? উত্তর খোঁজার এই যাত্রা শুধু মহাবিশ্বকে বোঝার জন্য নয়; বরং আমাদের নিজেদের স্থান বোঝার জন্যও।
