নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে ফুটপাতের হকারদের কাছে থেকে চাঁদাবাজি করার সময় চট্টগ্রামে নাগরিক কমিটির দুই সদস্যকে আটক করে হালকা পিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন হকাররা।
ইপিজেড থানার ওসি মো. আখতারুজ্জামান জানান, নগরীর বন্দরটিলা সিটি কর্পোরেশন মার্কেটের সামনে থেকে মঙ্গলবার রাতে তাদের আটক করে হকাররা পুলিশে দিয়েছে।
আটকরা হলেন- আসাদুজ্জামান রাফি ও আবদুল কাদের ইমন। তারা দুজনই জাতীয় নাগরিক কমিটি ইপিজেড থানা শাখার সদস্য।
ওসি বলেন, দুই সমন্বয়ক রাফি ও ইমন ফুটপাতের হকারদের কাছ থেকে চাঁদা দাবি করলে হকাররা তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, ইমন ও রাফি সমন্বয়ক পরিচয় ব্যবহার করে বিভিন্ন সময় হকারদের হুমকি দিয়ে বলেছেন রাস্তায় ব্যবসা করলে তাদের চাঁদা দিতে হবে, অন্যথায় ব্যবসা করতে দেওয়া হবে না। হুমকির মুখে বিভিন্ন সময়ে তাদের চাঁদা দিতে বাধ্য হন ব্যবসায়ীরা।
মামলার বাদী মো. আজিম এজাহারে অভিযোগ করেন, বিভিন্ন সময়ে তাদের ভয়ভীতি দেখানোয় কয়েকবার টাকা দিয়েছেন। মঙ্গলবার সকালে ইমন চাঁদা নেওয়ার জন্য ইপিজেড মোড়ে গেলেও টাকা না থাকায় তিনি দিতে পারেননি। পরে রাত ১২টার দিকে রাফি তাকে ফোন করে চাঁদা না দেয়ার কারণ জানতে চান এবং গালাগাল করে ব্যবসা করতে না দেওয়ার হুমকি দিয়ে বন্দরটিলা সিটি কর্পোরেশন মার্কেটের সামনে যেতে বলেন।
সেখানে যাবার পর তাদের কাছ থেকে ৩০ হাজার টাকা দাবি করেন। তারা ২ হাজার টাকা দিলে ইমন ও রাফি তাদের ওপর চড়াও হন। এসময় স্থানীয় লোকজন তাদের আটক করে থানায় নিয়ে যান।

মামলায় ইমন ও রাফি ছাড়া অজ্ঞাত আরও তিন-চার জনকে আসামি করা হয়েছে।
এদিকে জাতীয় নাগরিক কমিটি ইপিজেড থানার প্রতিনিধি কমিটির তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ২৪শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় নেতাদের স্বাক্ষর করা কমিটির তালিকায় ১ নম্বর আসাদুজ্জামান রাফি ও ৩২ নম্বরে আবদুল কাদের ইমনের নাম রয়েছে।
২০২৪ সালের ৮ই সেপ্টেম্বর রাষ্ট্র পুনর্গঠন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত সফল করার লক্ষ্যে আত্মপ্রকাশ করে নতুন জাতীয় নাগরিক কমিটি। এই কমিটির অনেক সসদস্যের বিরুদ্ধ ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে ‘সমন্বয়ক’ পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, বিচার-সালিশ করার নামে চাপ দিয়ে অর্থ আদায়সহ নানা অপকর্মের অভিযোগ পাওয়া গেছে।
যার প্রেক্ষিতে গত ২৬শে ফেব্রুয়ারি কমিটির মুখপাত্র সামান্তা শারমিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র, মুখ্য সংগঠক ছাড়া জাতীয় নাগরিক কমিটির বাকি সব নেতৃত্ব কাঠামো, নির্বাহী কমিটি, সেল ও সার্চ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
