নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পরিকল্পিতভাবে পুলিশের উপর হামলা হয়েছে। থানা জ্বালিয়ে ছিনিয়ে নেওয়া হয়েছে বিপুল অস্ত্র। পুলিশের গাড়ি, জিপ আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।
তাই পরিবহন সংকটের কারণে পুলিশ নিয়মিত টহলও দিতে পারছেনা। এবার পুলিশের জন্য নতুন ৩৬৪টি পিকআপ এবং ১৪০টি প্রিজনার ভ্যান কেনার উদ্যোগ নিয়েছে অন্তবর্তী সরকার।
গত জুলাই-আগস্টে বৈছা আন্দোলনের সময় পুলিশের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছিল। এতে বেশুমার পুলিশ হতাহতসহ পুলিশের অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এখন প্রাথমিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে সরকার পুলিশের যানবাহন সমস্যা দূর করতে বিপুল নতুন গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে।
১৯শে মার্চ বুধবার প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে পুলিশের কল্যাণে ৫টি এই সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য গত ১৭ই মার্চ প্রধান উপদেষ্টা ড. ইউনূস মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে একটি সভায় অংশ নেন। সেদিন অনুষ্ঠানে কর্মকর্তারা অসুবিধার কথা সরকার প্রধানকে অবগত করেছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, পুলিশের জন্য নতুন ৩৬৪টি পিকআপ এবং ১৪০টি প্রিজনার ভ্যান কেনার পাশাপাশি ঝুঁকি ভাতার প্রচলিত সিলিং তুলে দেওয়া, পুলিশের চলমান নির্মাণ প্রকল্পের মধ্যে যেগুলোর কাজ ৭০ শতাংশের নিচে সম্পন্ন হয়ে আছে, সেগুলোতে অর্থ ছাড় করা। ভাড়াকৃত ভবনে অবস্থিত ৬৫টি থানার জমি অধিগ্রহণের জন্য অর্থ ছাড় করা এবং পুলিশের এসআই ও এএসআই র্যাংকের মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণের বিষয়টি বিবেচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মূলত বৈছা আন্দোলনে পুলিশের অবকাঠামোর ব্যাপক ক্ষতি পুষিয়ে নিতে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে।
