গাজীপুরে নিরাপত্তারক্ষীদের বেঁধে পিকআপ ভরে কারখানার মালামাল নিয়ে গেল ডাকাতরা

গাজীপুরে নিরাপত্তারক্ষীদের বেঁধে পিকআপ ভরে কারখানার মালামাল নিয়ে গেল ডাকাতরা
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের শ্রীপুরে কারখানার নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে ডাকাতরা কারখানার জিনিষপত্র লুট করে নিয়ে গেছে।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার তেলিহাটী ইউনিয়নের বেকাসহরা এলাকায় ইকোট্রিমস বাংলাদেশ লিমিটেডের কারখানায় এই ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে।

নিরাপত্তাকর্মীদের বেঁধে ডাকাতির ঘটনার কথা স্বীকার করেছেন শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল। ডাকাতির ঘটনার চিত্র কারখানার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

কারখানাটির ব্যবস্থাপক (সাপ্লাই চেইন অ্যান্ড ওয়্যারহাউজ) মিজানুর রহমান জানান, মঙ্গলবার গভীর রাতে ৯-১০ জনের একটি ডাকাত দল সীমানাপ্রাচীর টপকে কারখানার ভেতরে প্রবেশ করে। তারা কারখানার তিন নিরাপত্তাকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে কারখানার ইউটিলিটি ভবনের দুটি দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সব কিছু তছনছ করে।

পরে আরএম কেবল, ওয়েল্ডিং মেশিন ও বৈদ্যুতিক যন্ত্রপাতি পিকআপ ভ্যানে ভরে নিয়ে চলে যায় ডাকাত দল। এতে কারখানার ৩০ লাখ টাকার বৈদ্যুতিক তার ও যন্ত্রপাতি ডাকাতি হয়েছে বলে জানান তিনি।

এদিকে কারখানার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় রাত ২টার দিকে কারখানার পশ্চিম পাশের একটি দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে ডাকাত দল। এ সময় একজন নিরাপত্তাকর্মী এগিয়ে এলে তাকে দেশি ধারালো অস্ত্রের মুখে জিম্মি করা হয়। পরে আরও দুজন নিরাপত্তাকর্মী এগিয়ে আসলে তাদেরও অস্ত্রের মুখে জিম্মি করে তিনজনকেই হাত পা ও চোখ বেঁধে ফেলে রাখা হয়।

এরপর কারখানার অন্য নিরাপত্তাকর্মীদের জড়ো করে লুটপাট শুরু করে ডাকাত দল। ডাকাতি শেষে ফটক খুলে একটি পিকআপ ভ্যান ভেতরে প্রবেশ করিয়ে লুটপাট করা জিনিসপত্র নিয়ে যায়।

ওসি জয়নাল আবেদীন বলেন, আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছি। কর্তৃপক্ষ মামলার প্রস্তুতি নিয়েছে। আমরা লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা করছি।

Visited 30 times, 1 visit(s) today