শরীয়তপুরে ভিজিএফ চালের ভাগ-বাটোয়ারা নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ

শরীয়তপুরে ভিজিএফ চালের ভাগ-বাটোয়ারা নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক

ভিজিএফের চাল বিতরণের ভাগ-বাটোয়ারা নিয়ে শরীয়তপুরের গোঁসাইরহাটে বিএনপির দু-পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলার সামন্তসার ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ১৮ই মার্চ, মঙ্গলবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন, সামন্তসার ইউনিয়নের চর সামন্তসার এলাকার ফিরোজ মোল্লার ছেলে কবির হোসেন (৪৮), আলী আহম্মেদ হাওলাদারের ছেলে আনোয়ার হোসেন হাওলাদার (৪২), সুরজাত আলী মোল্লা ছেলে জামাল মোল্লা (৫০) ও স্থানীয় ইউপি সংরক্ষিত মহিলা সদস্য রেহানা বেগম (৩৫)।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে সামন্তসার ইউনিয়ন পরিষদে ৬০০ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপলক্ষে ভিজিএফ’র ১০ কেজি চাল বিতরণকাজ চলছিল।

এরমধ্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি তারেক আজিজ মোবারক ঢালীর পক্ষের লোক উপজেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক কবির মাওলানা, সামন্তসার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাবুল মাস্টার ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মাদবর দুস্থ ও অসহায় জন্য ২০০ ভিজিএফ স্লিপ পান।

সেই স্লিপের চাল দিতে বাধা দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন নান্টু খান। বাধা দিলে এ বিষয় নিয়ে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণে কবির, আনোয়ার, জামাল ও রেহানা নামের চারজন আহত হন।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন নান্টু খান বলেন, ‘মোবারক ঢালী গোসাইরহাটে উপজেলার। তিনি ও তাঁর লোকজন সামন্তসার ইউনিয়নে এসে কর্তাগিরি করতে চান। আমার সঙ্গে পরামর্শ না করে মোবারক ঢালীর লোকজনকে ২০০ স্লিপ দেওয়া হয়। এ বিষয় নিয়েই দুই পক্ষের মধ্যে ঘটনাটি ঘটেছে।’

উপজেলা বিএনপির সাবেক সভাপতি তারেক আজিজ মোবারক ঢালী বলেন, ‘ইউপি নির্বাচনের পর থেকে নান্টু খানের সঙ্গে আমার লোকজনের দ্বন্দ্ব চলছে। আজ আবার নান্টু খান আমার লোকজনকে চাল দিতে বাঁধা দেয়। আবার আমার লোকজনের ওপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালায়। হামলায় আমাদের লোকজন আহত হয়।’

গোঁসাইরহাট থানার ওসি মো. মাকসুদ আলম বলেন, ‘ভিজিএফ চাল দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Visited 56 times, 1 visit(s) today