নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিয়ানমারের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি ওরফে আতাউল্লাহসহ ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)।
এ সময় তাদের কাছে নগদ ২১ লাখ ৩৯ হাজার ১শ টাকা, একটি ধারালো চাকু ও একটি স্টিলের ধারালো চেইন (ধারালো দাঁতযুক্ত ও দুই পাশে হাতলবিশিষ্ট) উদ্ধার করা হয়েছে।
১৮ই মার্চ, মঙ্গলবার র্যাবের মুখপাত্র লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এরইমধ্যে তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এর আগে গতকাল ১৭ই মার্চ, সোমবার রাতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার ভূমিপল্লী টাওয়ার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার সন্ত্রাসবিরোধী ও অবৈধ প্রবেশ আইনে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (নিরস্ত্র) মো. শাহাদাত হোসেন বাদী হয়ে মামলা করেন। এ মামলায় দুপরে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম।
মামলায় উল্লিখিত আসামিরা হলেন মিয়ানমারের আতাউল্লাহ আবু আম্মার জুনুনি ওরফে আতাউল্লাহ (৪৮), মোস্তাক আহাম্মদ (৬৬), সলিমুল্লাহ (২৭), মোসা. আসমাউল হোসনা, হাসান (১৫) ও মনিরুজ্জামান (২৪)।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, র্যাব-১১ বাহিনীর একটি দল তাদের গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
প্রসঙ্গত, আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির জন্ম পাকিস্তানের করাচিতে, বেড়ে উঠেছেন মক্কায়। তালেবানের পক্ষে পাকিস্তান ও লিবিয়ায় সশস্ত্র জঙ্গি প্রশিক্ষণ নিয়ে এক যুগ আগে জঙ্গি সহযোগীদের নিয়ে আরাকানে ঢুকে বার্মিজ পুলিশ ও সেনাবাহিনীর ওপর হামলা করে নিজেদের অস্তিত্বের জানান দেন।
২০১৬ ও ১৭ সালে তার জঙ্গি সংগঠন আরসার হামলায় ৭০-৮০ জন বার্মিজ সেনার মৃত্যু হলে পুরো রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নেমে আসে জান্তার অত্যাচারের খড়গ। মূলত আরসার এই অপকর্মের কারণেই রোহিঙ্গাদের বাংলাদেশে বিতাড়িত করার অজুহাত পেয়ে যায় সামরিক জান্তা। তাই আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, জঙ্গি সংগঠন আরসা মূলত মিয়ানমার ও পশ্চিমাদের পক্ষেই কাজ করছে সাধারণ মুসলিম রোহিঙ্গাদের আবেগ-অনুভূতিকে ব্যবহার করে।
এমনকি বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা সদস্যরাও একই অভিযোগ করে এসেছেন সবসময়। আরসার জঙ্গিরা রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয়। তারা অস্ত্র চোরাচালান, মাদক, চাঁদাবাজি, টার্গেট কিলিং, অপহরণ, পতিতাবৃত্তিসহ বিভিন্ন অপকর্মে যুক্ত। এর মাধ্যমে তারা অর্থ সংগ্রহ করে। যার নিয়ন্ত্রণে ছিলেন জুনুনি।
মূলত টেকনাফ, উখিয়া ও নাইক্ষ্যংছড়ির ক্যাম্প সংলগ্ন পাহাড়গুলোতে অবস্থান নিয়ে দুপাশে দুই অস্ত্রাধারী দেহরক্ষী নিয়ে জঙ্গি সংগঠন আল-কায়েদার ভঙ্গিমায় ভিডিও বার্তা দিতেন জুনুনি। বাংলাদেশ দখল করে নেওয়া, শেখ হাসিনা সরকারকের পতন ঘটানোর হুমকি-ধমকি দিতেন প্রায়শ।
জুলাই-আগস্টের সহিংস আন্দোলনে কয়েক হাজার রোহিঙ্গাকে ব্যবহার করেছিল কক্সবাজার সংলগ্ন এলাকার বিএনপি ও জামায়াত নেতারা। জুলাইয়ের শেষ দিকে বেশ কিছু রোহিঙ্গা আটক হওয়ার পর এ বিষয়টি সামনে আসে।
