বাংলাদেশি হয়েও উর্দুতে আলাপন, সমালোচনার মুখে যা বললেন ইসলামপন্থি নেতারা

বাংলাদেশি হয়েও উর্দুতে আলাপন, সমালোচনার মুখে যা বললেন ইসলামপন্থি নেতারা
শেয়ার করুন

জন্মসূত্রে বাংলাদেশি সকলেই। তাদের পরিচয়, তারা বিভিন্ন স্থানে ওয়াজ করেন, আবার রাজনীতিও করেন। কয়েকজন ধর্মীয় বক্তা, হেফাজত ও বিএনপি নেতার মধ্যকার উর্দু ভাষায় কথোপকথনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় শুরু হয় ব্যাপক সমালোচনা।

১২ই মার্চ, বুধবার হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখার ইফতার মাহফিল শেষে এক ঘরোয়া আলোচনার সময় ভিডিওটি ধারণ করা হয় বলে জানিয়েছেন উপস্থিত একাধিক ব্যক্তি।

ভিডিওতে উদ্ভট বক্তব্যের জন্য পরিচিত কাজী মোহাম্মদ ইব্রাহিমকে (প্রকাশ এন্টারকটিক হুজুর) ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনার প্রসঙ্গ তুলতে দেখা যায়। এ সময় বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ উর্দু ভাষায় জবাব দেন। আলোচনায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ এবং হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক।

তাদের দাবি, এটি ছিল হালকা মেজাজের ঘরোয়া আলোচনা, যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করা হচ্ছে।

তবে বিশ্লেষকদের মতে, উর্দু ভাষায় কথোপকথনের বিষয়টি নিয়ে এত প্রতিক্রিয়া আসার পেছনে বাংলাদেশের ঐতিহাসিক রাজনৈতিক প্রেক্ষাপট একটি গুরুত্বপূর্ণ কারণ।

সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া

যদিও ভিডিওতে থাকা ব্যক্তিরা এটিকে হালকা মেজাজের আড্ডা বলছেন, তবে সামাজিক মাধ্যমে এটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।

🔹 লোপা হোসেইন ভিডিওটি শেয়ার করে লিখেছেন,
👉🏻 “উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা” – মোহাম্মদ আলী জিন্নাহ।
তিনি ক্যাপশনে হাততালির তিনটি ইমোজি দিয়েছেন।

🔹 পারভেজ মোশাররফ মন্তব্য করেছেন,
👉🏻 “এই মজলিশে প্রচুর উর্দু শুনলাম! তারা একদিকে উর্দু বলবে, অপরদিকে শহিদ মিনার ভাঙবে!”

🔹 মীর হুযাইফা আল-মামদূহ লিখেছেন,
👉🏻 “কাজী ইব্রাহিম কেন উর্দু বলছেন জানি না, কিন্তু ওনার উচ্চারণ এত জঘন্য যে, আমার হলে মুখই খুলতাম না!”

🔹 ফাতিন হাসনাত রহমান কটাক্ষ করে লিখেছেন,
👉🏻 “না পারে বাংলা শুদ্ধ বলতে, না পারে উর্দু শুদ্ধভাবে বলতে!”

🔹 মঞ্জুরুল আহসান প্রশ্ন তুলেছেন,
👉🏻 “এরা কোন ভাষায় কথা বলছে? উর্দু, হিন্দি নাকি ফার্সি?”

🔹 প্রেম ম্যাথিউস ম্রং লিখেছেন,
👉🏻 “কবে যে আবার উর্দু রাষ্ট্রীয় ভাষা হয়ে যায়, মাবুদই জানে!”

🔹 রুমান শরীফ মজা করে লিখেছেন,
👉🏻 “আয়মান সাদিকের উচিত ১০ মিনিট স্কুলে উর্দু ভাষার কোর্স চালু করা। মুনজেরিন একটা বই বের করলো – ‘সহজ উর্দু ভোকাবুলারি’। কী বলেন?”

 

তাদের আলাপের বিষয়বস্তু

৩৮ সেকেন্ডের ভিডিওটির বেশিরভাগ অংশজুড়েই ধর্মীয় বক্তা কাজী মোহাম্মদ ইব্রাহিমকে ২০১৩ সালের ৫ মে নিয়ে আলাপ করতে দেখা যায়।

১১ বছর আগের সেই দিনটিতে কয়েকজন ব্লগারের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ ও নারী নীতির বিরোধিতাসহ ১৩ দফা দাবিতে ঢাকা অবরোধ এবং শাপলা চত্বরে অবস্থান নিয়েছিলেন হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। কওমী মাদ্রাসাভিত্তিক সংগঠনটির সেই কর্মসূচিকে কেন্দ্র করে ছড়িয়েছিল দিনভর উত্তেজনা ও সহিংসতা।

আলাপচারিতায় সেই প্রসঙ্গ টেনে কাজী ইব্রাহিম বলেন, “৫ইমে জো কাতালে আম হুয়া ভোহা মে মজুদ থা। আখরি শাকস জো স্টেজ সে উৎরা ভো মে থা। তাব মৌলানা সাইদুর রহমান মুঝকো ওয়াহা উঠা লিয়া।”

বাংলায় যার অর্থ দাঁড়ায়, “৫ মে যখন গণহত্যা চলছিল তখন আমি সেখানে উপস্থিত ছিলাম। স্টেজ থেকে নামা শেষ ব্যক্তিও আমি ছিলাম। তখন মাওলানা সাইদুর রহমান আমাকে ওখান থেকে তোলেন।”

তার পরপরই মামুনুল হক “মগার” বা “কিন্তু” দিয়ে শুরু করে কিছু একটা বলেন যেটা ভিডিওতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না।

সেখান থেকে কাজী ইব্রাহিম আবারও বলা শুরু করেন, “ভো এক বাত হ্যাঁ, মুসলমান যাব কাতিল কে সাথ হাত জোর লেতে হ্যা না তাব মুসলমান হার যাতে হ্যাঁ” বাংলায় যেটি এমন দাঁড়ায়, “একটা কথা আছে যে মুসলমান যখন হত্যাকারীর সঙ্গে হাত মেলায় তখন মুসলমান হেরে যায়।”

এরপর বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, “সুনিয়ে জানাব, আগার হাম মওকে কা বাত কারতে হ্যাঁ তো ইস মওকে কো আগার হাম ইস্তেমাল নেহি কারে তো হাম…”

যার অর্থ দাঁড়ায়, “শুনুন জনাব, যদি আমি সুযোগের কথা বলি তাহলে আমরা যদি এই সুযোগের সদ্ব্যবহার না করি তবে…” এটুকু বলেই যারা ভিডিও করছে তাদের দিকে তাকিয়ে হাসতে হাসতে তিনি কিছু একটা বলতে শুরু করলে ভিডিও শেষ হয়ে যায়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বিবিসি বাংলাকে বলেন, “জাস্ট এক-দুই মিনিট ওনারা হয়তো ওই ল্যাংগুয়েজে (উর্দু ভাষায়) কথা বলেছেন…সবাই ওখানে বাংলাতেই কথা বলেছে।”

তিনি বলেন, “আমরা হেফাজতে ইসলামের বারিধারার মাদ্রাসায় ইফতারের দাওয়াতে গিয়েছিলাম। মাগরিবের নামাজের পর আমাদের চা খাওয়ানোর জন্য বসিয়েছে। ওখানে আলেমরা কমফোর্ট ফিল (স্বাচ্ছন্দ্য বোধ) করে যে ভাষায়, হয়তো কিছুটা কথাবার্তা বলেছে।”

এই বিএনপি নেতা বলেন, “মাওলানা সাহেব শাপলা চত্বরে–ওনাদের ভাষায় কতলে আম মানে গণহত্যার কথা তুলে বলছিলেন যে ওখানে উনি ছিলেন এবং উনিই সর্বশেষ ব্যক্তি ছিলেন যিনি স্টেজ থেকে নেমেছেন। এই কথাটাই উনি নিজের ভাষায় বলেছেন।”

দীর্ঘ দশ বছর ভারতে থাকার কথা উল্লেখ করে সালাহউদ্দিন জানান সেখানে এই ভাষাটি চলতো। এসময় উর্দু ও হিন্দি ভাষায় ডিপ্লোমা আছে উল্লেখ করে আরবিও কিছুটা চর্চা করা হয় বলে জানান এই বিএনপি নেতা।

এদিকে হাসনাত আব্দুল্লাহ বিবিসি বাংলাকে জানান, ইফতারের পর একটি ঘরে বসলে কেউ সালাহউদ্দিন আহমদের সঙ্গে উর্দুতে একটা কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “সালাহউদ্দিন সাহেবতো উর্দুতে অনেক পারদর্শী। তখন এটাকে উনি উর্দুতে রিপ্লাই (জবাব) দেন এবং ওখানে দুই-এক মিনিটের মতো উর্দুতে কথা হয়। ওই ক্লিপটাকেই ধরা হয়েছে, আর কিছুই না।”

প্রতিক্রিয়ার কারণ ঐতিহাসিক প্রেক্ষাপট

তবে উর্দু ভাষায় কথায় বলায় এমন তীব্র প্রতিক্রিয়ার ঐতিহাসিক প্রেক্ষাপট আছে বলেই মত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফার।

তিনি বলেন, “বাংলাকে রিপ্লেস (বদল) করে যেহেতু উর্দুকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তারপরে আন্দোলন করে, জান দিয়ে বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার অন্তর্ভুক্ত করতে হয়েছিল, সেটাতো আসলে আমাদের রাজনৈতিক ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ মাইলফলক, যেটা আমরা পার হয়েছি।”

সামিনা লুৎফা আরও বলেন, “এটা যদি উর্দু ভাষা না হয়ে ফ্রেঞ্চ ভাষা হতো তাহলে নিশ্চয়ই এত সমালোচনা হতো না। কারণ ফ্রেঞ্চ ভাষাভাষীদের সাথে আমাদের এরকম রিসেন্ট (সাম্প্রতিক) অতীতে এত বড় রাজনৈতিক ঘটনার ইতিহাস নাই। আমরাতো আসলে এই রাজনৈতিক ঘটনাগুলো দিয়েই নাগরিক হিসেবে নিজেদেরকে নির্মাণ করছি।”

Visited 161 times, 1 visit(s) today