যারা এ দেশের নাগরিকই না তাদের কোনো সংস্কার আমরা মেনে নেব না : মির্জা আব্বাস

যারা এ দেশের নাগরিকই না তাদের কোনো সংস্কার আমরা মেনে নেব না : মির্জা আব্বাস
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

‘যারা এই দেশের নাগরিকই না, ওই সমস্থ তথাকথিত বুদ্ধিজীবীদের দিয়ে আপনারা যে সংস্কার করবেন, এটা আমরা মেনে নেব না। ‘ওদের হাতের, ওদের কলমের কোনো সংস্কার আমরা সহজেই মেনে নেব না। সংস্কার যদি করেন, আমরা কারেকশন (সংশোধন) করব। বিএনপি সেই কারেকশন অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলেমিশে ঠিক করে তা জাতির কাছে তুলে ধরবে।

রবিবার বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখা আয়োজিত আলোচনাসভা ও ইফতার মাহফিলে উপরোক্ত কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
ঢাকা মেডিকেল কলেজের ডা. মিলন হলে আয়োজিত এই ইফতার মাহফিলে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম, সদস্যসচিব তানভীর আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

মির্জা আব্বাস বিশেষ কিছু দলকে সুবিধা দেওয়ার জন্য সংস্কার চলছে বলে মন্তব্য করে বলেন ‘আমরা চাই, নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার, ততটুকু করে নির্বাচন দ্রুত দিন। নিবার্চনের পর যেই ক্ষমতায় আসুক, তাকে আমরা সালাম দিয়ে মেনে নেব। কোনো অনির্বাচিত সরকারের, ব্যক্তির কোনো কথা মেনে নেব না। ড. ইউনুসকে বোকা পেয়ে একদল লোক যা খুশি তাই করছে মন্তব্য করে তিনি বলেন, আমরা দেখছি, ড. মুহাম্মদ ইউনূসকে একদল লোক বোকা পেয়েছে, যা খুশি বলে যাচ্ছে, করে যাচ্ছে। ওই লোকগুলো, যারা সংবিধান নতুন করে লিখতে চায়।’

সংস্কার একটি দীর্ঘ প্রক্রিয়া উল্লেখ করে অন্তবর্তী সরকারের উদ্দেশে মির্জা আব্বাস আরো বলেন, ‘আপনারা নির্বাচনী সংস্কার করুন। বাকি সংস্কার নির্বাচিত সরকার করবে। এখন বিনা ভোটে দেশের মানুষকে পরিচালনার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ‘কয়েকজন তথাকথিত বুদ্ধিজীবীর পরামর্শে দয়া করে দেশকে অশান্তির দিকে ঠেলে দেবেন না। আমরা শান্তি চাই। দয়া করে দেশটাকে অশান্তির দিকে ঠেলে দেবেন না।’

নির্বাচন অনুষ্ঠান নিয়ে রাজনৈতিক অঙ্গনে সংশয়, সন্দেহ থাকার কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘নির্বাচন নিয়ে বহু কথা শুনেছি, কেউ বলছে নির্বাচন হবে, কেউ বলছে হবে না। আমরা কোনো কিছুতেই বিশ্বাস করতে চাই না। আমরা আশা করছি, ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন পাব।

অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে মির্জা আব্বাস বলেন, ‘আপনার ডান পাশে, বাম পাশে যারা পরামর্শ দেয়, তারা কারা? তাদের সাথে জনগণের সম্পর্ক কতটুকু? কয়েকজন তথাকথিত বুদ্ধিজীবীর পরামর্শে দেশকে অশান্তির দিকে ঠেলে দেবেন না।’

Visited 70 times, 1 visit(s) today