বিচারকদের আসিফ নজরুল: হুটহাট করে জামিন দেবেন না

বিচারকদের আসিফ নজরুল: হুটহাট করে জামিন দেবেন না
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক

বিচারকদের হুটহাট করে জামিন না দেওয়ার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেন, আমাদের যারা জজ (বিচারক) আছেন তাদের কাছে অনুরোধ আপনারা যে ‘বিগার পিকচার অফ’ এটা মাথায় রাখবেন। আপনারা হুটহাট করে জামিন দেবেন না। জামিন পাওয়ার পরে একজন মানুষ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি ভয়াবহ হয়ে ওঠে, যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করে, একই অপরাধ আবার করার চেষ্টা করে তাহলে জামিন দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা।’

আসিফ নজরুল আরও বলেন, যিনি জামিনের যোগ্য, গত আমলের মতো তাকেও জামিন থেকে বঞ্চিত করবেন না। ওভার অল যে সিচুয়েশন সেটা মাথায় রাখবেন।

আজ ১১ই ফেব্রুয়ারি, মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ’ বিষয়ক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আমরা খুব চ্যালেঞ্জিং সময় অতিবাহিত করছি জানিয়ে আসিফ নজরুল বলেন, পুলিশ ভাইয়েরা যখন অত্যন্ত কষ্ট করে একটা হত্যা মামলার আসামি ধরে আনেন, সেখানে আপনাদের অবশ্যই জামিন দেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে। আপনাদের লক্ষ্য রাখতে হবে, এই আসামিগুলো বেরিয়ে একটা বিচার প্রক্রিয়াকে কতটা বাধাগ্রস্ত করতে পারে। এখানে আপনাদের রিল্যাক্সড হওয়ার কোনো সুযোগ নেই। এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। যারা এখানে প্রসিকিউটর আছেন আপনারা লক্ষ্য রাখবেন, আপনারা হচ্ছেন সরকার।

ডিসিদের উদ্দেশে তিনি বলেন, এখানে ডিসি যারা রয়েছেন আপনারা জেলা আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান। প্রসিকিউটের সঙ্গেও আপনাদের যোগাযোগ থাকে। এই চারটা প্রতিষ্ঠান যদি সমন্বয় করে একসঙ্গে কাজ করে তাহলে বর্তমান চ্যালেঞ্জিংটা আরও সাকসেসফুল মোকাবিলা করতে পারবো।

আসিফ নজরুল বলেন, যখন দেশের মানুষ দেখবে রাষ্ট্র এক্সিস্ট করে, পুলিশ-আদালত ঠিকমতো ফাংশন করে, তখন এই যে মবোক্রেসি বা মবতন্ত্রের বিরুদ্ধে যে আমরা এত বেশি ‘সোচ্চার’ হই, এটাকে ‘ভয়াবহ জিনিস’ মনে করি, যখন পুলিশ, কোর্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সবকিছু ঠিকমতো কাজ করবে, তখন মবের প্রকোপ আরও কমে যাবে। দেশে একটা সহনীয় পরিস্থিতি সৃষ্টি হবে।

তিনি বলেন, মানুষ দেখতে চায় রাষ্ট্র। সে ক্ষেত্রে সবাই আরও বেশি দায়িত্বশীলতার পরিচয় দেবেন। সবাই রাষ্ট্রের কর্মচারী, একটা পরিবারের সদস্য, সেই বিষয়টা মাথায় রেখে একজন আরেকজনকে সহায়তা করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

Visited 109 times, 1 visit(s) today