আওয়ামী লীগেকে নিয়ে ছড়ানো গুজবের প্রতিবাদ, বাহাউদ্দিন নাছিমের বিবৃতি

আওয়ামী লীগেকে নিয়ে ছড়ানো গুজবের প্রতিবাদ, বাহাউদ্দিন নাছিমের বিবৃতি
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম আজ এক বিবৃতিতে বলেন, তারা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছেন যে, অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকারের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য, অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে।

বাহাউদ্দিন নাছিম বলেন, সম্প্রতি একটি গোয়েন্দা সংস্থার উদ্ধৃতি দিয়ে দাবি করা হয়েছে, ২০২৫ সালের ১৫ জানুয়ারি ভারতের কলকাতার পার্ক হোটেলে আওয়ামী লীগের একটি সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে নাকি নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করে আন্দোলন ও ধ্বংসাত্মক কাজ পরিচালনার জন্য আওয়ামী লীগে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এ অভিযোগ অস্বীকার করে জানান, এইসব তথ্য সম্পূর্ণভাবে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আওয়ামী লীগের এমন কোনো সভা অনুষ্ঠিত হয়নি এবং কাউকে সমন্বয়কের দায়িত্বও দেওয়া হয়নি।

এছাড়াও তিনি বলেন, যে হোটেলের নাম উল্লেখ করা হয়েছে, সেখানে তিনি কখনও যাননি। এসব গুজব ও অপপ্রচার শুধু আওয়ামী লীগের সম্মানহানির উদ্দেশ্যে এবং দেশের জনগণকে বিভ্রান্ত করার জন্য ছড়ানো হচ্ছে, যা তিনি কঠোরভাবে নিন্দা করেন।

বাহাউদ্দিন নাছিম আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণমানুষের রাজনৈতিক প্রতিষ্ঠান, যা গঠনতান্ত্রিক ও গণতান্ত্রিক নিয়মে পরিচালিত হয়। তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ কখনো কোনো সন্ত্রাসী বা জঙ্গি সংগঠন নয়, বরং হৃত গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের নেতাকর্মীরা নিজেদের জীবন বাজি রেখে লড়াই চালিয়ে যাচ্ছে।

তিনি আওয়ামী লীগের নেতাকর্মী ও দেশবাসীকে এসব মিথ্যা গুজব, অপপ্রচার ও মনগড়া তথ্যের বিরুদ্ধে সতর্ক থাকতে এবং আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি সফল করতে একত্রিত হওয়ার আহ্বান জানান।

 

Visited 118 times, 1 visit(s) today