সংবাদ প্রতিবেদন
রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ভাঙচুর ও হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, বুধবার সন্ধ্যা থেকে সারা রাত ধরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরসহ দেশের বিভিন্ন স্থাপনায় যে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে, তা আইনশৃঙ্খলা, আইনের সমান প্রয়োগ ও ন্যায়বিচারের পরিপন্থী।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদ উল্লেখ করে আসক জানায়, ধানমন্ডি-৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে হামলার পরিকল্পনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বুধবার দিনভর নানা প্রচারণা চালানো হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ছাত্র-জনতা নামে পরিচিত একটি দল সেখানে জড়ো হয়ে ভাঙচুর, তাণ্ডব ও লুটপাট চালায় এবং এক পর্যায়ে অগ্নিসংযোগ করে।
সংস্থাটি আরও জানায়, সেনাবাহিনীর একটি দল সেখানে উপস্থিত থাকলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি, বরং এক পর্যায়ে ঘটনাস্থল ছেড়ে চলে যায়। এর পরপরই দেশজুড়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ছড়িয়ে পড়ে।
এছাড়া ধানমন্ডির সুধা সদনে লাগানো আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উদ্বেগ প্রকাশ করেছে আসক।
মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আসক জানায়, এই ধরনের তাণ্ডব গণতন্ত্র ও মানবাধিকারের পরিপন্থী এবং দেশের আইনের শাসন ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।
সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষকে আইন, মানবাধিকার ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
