অর্থনীতি
ঢাকা শহরের জীবনযাত্রার ব্যয় অস্ট্রেলিয়ার সিডনির চেয়ে বেশি। ফ্রান্সের প্যারিসে বিদেশিদের বসবাস যে পরিমাণ ব্যয়বহুল, তেমনই ব্যয় হয় রাজধানী ঢাকায়। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবসম্পদ পরামর্শক প্রতিষ্ঠান মার্সার প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে অন্তবর্তী সরকার। ৩১শে জানুয়ারি, জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে প্রতি লিটার দাম ১ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম ১লা ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে। এর আগে গত ৩১শে ডিসেম্বর ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১ টাকা করে কমানো হয়েছিল। তখন ডিজেলের বিক্রয়মূল্য ১০৫ টাকা থেকে ১ টাকা কমিয়ে ১০৪ টাকা, কেরোসিনও ১০৫ টাকা থেকে ১ টাকা কমিয়ে ১০৪ টাকা পুনঃনির্ধারণ করা হয়েছিল। তবে, প্রতি লিটার অকটেন ১২৫ টাকা এবং পেট্রোল ১২১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল।
জ্বালানি তেলের মূল্য বাড়লে তা নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের মূল্য বৃদ্ধির কারণ হয়ে দাঁড়ায়, যা সাধারণভাবে সার্বিক মূল্যস্ফীতির জন্ম দেয়। মূল্যস্ফীতি একটি স্বাভাবিক অর্থনৈতিক প্রক্রিয়া হলেও, মুদ্রাস্ফীতি একটি বড় অভিঘাত হিসেবে গণ্য হয়। মুদ্রাস্ফীতি হচ্ছে পণ্য ও সেবার দাম বেড়ে যাওয়া, যা সাধারণত মুদ্রার অতিরিক্ত সরবরাহের কারণে ঘটে থাকে। অর্থাৎ, বাজারে পণ্যের মজুদ ও মুদ্রার পরিমাণের মধ্যে ভারসাম্য থাকতে হয়। যদি পণ্যের তুলনায় মুদ্রার সরবরাহ অত্যধিক বেড়ে যায়, তখনই মুদ্রাস্ফীতি দেখা দেয়।
বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা দিতে ২২ হাজার ৫০০ কোটি টাকা ছাপিয়েছে। ২৮শে নভেম্বর, গভর্নর সাংবাদিকদের বলেছিলেন, “তারল্য সংকটে ভুগতে থাকা দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা করতে ঋণ দিচ্ছে সবল ব্যাংকগুলো।” এর পাশাপাশি, কেন্দ্রীয় ব্যাংক ২২ হাজার ৫০০ কোটি টাকা ছাপিয়ে ছয়টি ব্যাংককে (ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অফ বাংলাদেশ পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি ও ইউনিয়ন ব্যাংক পিএলসি) তারল্য সহায়তা দিয়েছে।
আগের সিদ্ধান্ত অনুযায়ী টাকা না ছাপানোর কথা থাকলেও, পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে এই সহায়তা প্রদান করা হয়। অথচ, এই গভর্নরই মুদ্রা ব্যবস্থাপনায় অতিরিক্ত টাকা ছাপানোর সিদ্ধান্তকে বেশ সমালোচনা করতেন।
ড. ইউনূস ২৯শে জানুয়ারি দেশে সফররত যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দলকে জানিয়েছেন, তার সরকার উত্তরাধিকারসূত্রে ‘বিপর্যস্ত ও যুদ্ধবিধ্বস্ত’ একটি অর্থনীতি পেয়েছে। তার দাবি, ব্যাংক, বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর অবস্থা নাজুক, পুঁজিবাজার দুরবস্থার মধ্যে রয়েছে, রপ্তানির চাকা চলছে না এবং বিনিয়োগ আশাব্যঞ্জক নয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ভোক্তার সহনীয় পর্যায়ে রাখতে ব্যর্থতা, মূল্যস্ফীতি বৃদ্ধি এবং শুধু প্রবাসী আয়ে ইতিবাচক প্রবৃদ্ধি ছাড়া দেশের অর্থনীতির সব সূচক নিম্নমুখী।
তিনি আরও বলেন, মূল্যস্ফীতি বাড়ছেই এবং এই পরিস্থিতিতে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, যা পরিবহন খরচ বাড়িয়ে মালিকদের ওপর প্রভাব ফেলবে। এর ফলে দ্রব্যমূল্যের ওপর ন্যূনতম হলেও প্রভাব পড়বে।
ব্রিটিশ অর্থনীতিবিদ এবং জনমিতিবিদ টমাস রবার্ট ম্যালথাস বলেছিলেন, “মানুষ বাড়ে জ্যামিতিক হারে আর খাদ্য বাড়ে গাণিতিক হারে।” এখানে জ্যামিতিক হারের অর্থ হলো ২, ৪, ৮, ১৬, ৩২ এবং গাণিতিক হারের অর্থ হলো ১, ২, ৩, ৪, ৫। সরকারের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তে এই ধারণার কথা মনে পড়ে।
যদিও দাতাদের পরামর্শ অনুযায়ী জ্বালানি তেলের দাম আগে বাড়ানো উচিত ছিল, কিন্তু এর প্রভাব সব পণ্যের ওপর পড়বে। পরিবহন খরচ বেড়ে যাবে, যাতায়াত খরচ বাড়বে এবং জ্বালানিনির্ভর উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত খরচ আদায় করবে ভোক্তা বা ক্রেতার কাছ থেকে। এই মূল্য বৃদ্ধির ফলে সাধারণ জনগণের জন্য নেতিবাচক প্রভাব পড়বে, কারণ পরিবহন ভাড়া এবং উৎপাদনকারী বা বিক্রেতা পণ্যের দাম জ্যামিতিক হারে বাড়াতে শুরু করবে।
আমাদের দেশে অতি মুনাফাখোর ব্যবসায়ীদের সংখ্যা অনেক এবং যখন সরকার কোনো পণ্যের দাম ২ টাকা বাড়ায়, তখন ব্যবসায়ীরা মূল্য বৃদ্ধির এই প্রবণতায় ম্যালথাসের জ্যামিতিক হারের অনুসরণ করে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কম হলেও দেশে তা বাড়ানো হয়। সরকারের মূল্যবৃদ্ধির প্রবণতা নতুন কিছু নয়।
জীবনযাত্রার ব্যয় ক্রমশ বেড়ে চলেছে, মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা যাচ্ছে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, খাদ্য মূল্যস্ফীতি আবার ১৪ শতাংশের কাছাকাছি পৌঁছেছে। টানা আট মাস ধরে খাদ্য মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে অবস্থান করছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। শীতকাল শুরু হলেও বাজারে শাকসবজির সরবরাহ বাড়ার পরও দাম উল্লেখযোগ্যভাবে কমছে না। সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর হচ্ছে না।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী, গত নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১৩.৮০ শতাংশ, যা গত সাড়ে ১৩ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগের সর্বোচ্চ হার ছিল গত জুলাই মাসে, যা ছিল ১৪.১০ শতাংশ।
মূল্যস্ফীতির প্রভাব স্কুল শিক্ষার্থীদের সঞ্চয়ের ক্ষেত্রেও পড়েছে। দেশে প্রায় তিন বছর ধরে গড় মজুরির চেয়ে মূল্যস্ফীতি বেশি থাকায় সাধারণ মানুষের আয় কমছে। এতে অনেকেই সঞ্চয় ভেঙে খাচ্ছেন। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে, দেশের শিক্ষা ব্যয় প্রতি মাসেই বাড়ছে, ফলে শিক্ষার্থীদের সঞ্চয়ও হ্রাস পাচ্ছে। গেল অর্থবছরের শেষ ভাগে সামান্য প্রবৃদ্ধি দেখা গেলেও নতুন অর্থবছর শুরুর পর থেকে শিক্ষার্থীদের সঞ্চয় ধারাবাহিকভাবে কমতে শুরু করেছে। এক মাসের ব্যবধানে সঞ্চয় কমেছে প্রায় ৫০ কোটি টাকা, আর গত চার মাসে কমেছে প্রায় ২৫০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, চলতি বছরের অক্টোবরে স্কুল শিক্ষার্থীদের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৮৭ কোটি টাকা, যা গত সেপ্টেম্বরে ছিল ২ হাজার ১৩৫ কোটি টাকা। অর্থাৎ মাত্র এক মাসের ব্যবধানে সঞ্চয় কমেছে ৪৮ কোটি টাকা। এর আগের বছর ২০২৩ সালের মে মাসের শেষে আমানতের পরিমাণ ছিল ২ হাজার ২২৮ কোটি টাকা, ফলে এক বছরে সঞ্চয় কমেছে প্রায় ১০১ কোটি টাকা। গত জুন মাসে এই পরিমাণ ছিল ২ হাজার ৩২৫ কোটি টাকা, যার মানে চার মাসে শিক্ষার্থীদের সঞ্চয় হ্রাস পেয়েছে ২৩৮ কোটি টাকা।
বিশ্বের ব্যয়বহুল শহরগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠেছে ঢাকা। জীবনযাত্রার ব্যয়ের দিক থেকে রাজধানী ঢাকা অস্ট্রেলিয়ার সিডনির চেয়েও বেশি ব্যয়বহুল। ফ্রান্সের প্যারিসে বিদেশিদের বসবাস যতটা ব্যয়বহুল, প্রায় সমপরিমাণ ব্যয় ঢাকায় বসবাসের ক্ষেত্রেও। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবসম্পদ পরামর্শক প্রতিষ্ঠান মার্সারের প্রকাশিত তালিকায় এই চিত্র উঠে এসেছে।
দেশে পণ্য ও যাত্রী পরিবহনের প্রধান জ্বালানি হলো ডিজেল। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে বাজারে নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দামও বেড়ে যায়। একবার কোনো দ্রব্যের দাম বাড়লে তা কমার কোনো নজির নেই এই দেশে। অন্তবর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর পাঁচ মাস আগে জ্বালানি তেলের দাম লিটারে ১.২৫ টাকা থেকে ৬ টাকা পর্যন্ত কমানো হয়েছিল, তবে পরিবহন খরচ বা ভাড়ায় কোনো পরিবর্তন আসেনি। মূল্য হ্রাসের সময় বাজারে এর কোনো ইতিবাচক প্রভাব দেখা যায়নি।
অথচ মাত্র ১ টাকা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর নেতিবাচক প্রভাব দ্রুতই পড়বে। সাধারণ জনগণ ভেবেছিল, তেলের দাম কমলে পণ্যের দামও কমবে, কিন্তু বাস্তবে তা ঘটেনি। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে দেশের বাজারে তার প্রভাব পড়ে, তবে দাম কমলে কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যায় না।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে পরিবহন খরচ বেড়ে যাবে, যার সরাসরি প্রভাব পড়বে কৃষি উৎপাদন ও শিল্প-কারখানার খরচের ওপর। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম আরেক দফা বাড়বে, যা মূল্যস্ফীতিকে আরও ত্বরান্বিত করবে। অস্বস্তিকর এই পরিস্থিতিতে সীমিত আয়ের মানুষকে দুর্ভোগ পোহাতে হবে, আর্থিক সংকটে পড়বে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণি।
বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করছে, অথচ কেউই তাদের দুঃখ-কষ্ট নিয়ে ভাবছে না। বরং সুবিধাভোগী শ্রেণির স্বার্থকেই বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ফলে ধনী আরও বেশি লাভবান হচ্ছে, আর নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের জীবনযাত্রা দিন দিন কঠিন হয়ে পড়ছে। ক্রমবর্ধমান ব্যয়ের ফলে নির্দিষ্ট আয়ের মানুষদের পক্ষে সঞ্চয় করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে, আর সৎভাবে জীবনযাপন করা হয়ে উঠেছে কঠিন এক চ্যালেঞ্জ।
