বুধবার রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনসহ দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এসময় ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি ভেকু ও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিতে দেখা যায়। একইভাবে খুলনা ও কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙার সময়ও এসব ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে।
অনেকে প্রশ্ন তুলছেন, আগে থেকেই ঘোষণা দেয়া কর্মসূচি ঠেকাতে সরকার কোনো পদক্ষেপ নেয়নি কেন? পাশাপাশি, সরকারি পৃষ্ঠপোষকতায় এসব বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে কি না, সে বিষয়েও আলোচনা চলছে।
এ বিষয়ে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা নুরুল হক নূর বিবিসি বাংলাকে বলেন, “এখানে মনে হয় সরকারের ভেতর থেকে সমর্থন রয়েছে। না হলে পূর্বঘোষণা দিয়ে এই ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা এবং এতে জনসাধারণকে উসকে দিয়ে অস্থিরতা তৈরি করা—এটা তো সরকারের ভেতরের সমর্থন ছাড়া সম্ভব নয়।”
তিনি সরকারের উপদেষ্টাদের দিকেও আঙুল তুলে বলেন, “আমরা তো দেখিনি সরকারের ভেতর থেকে এসব কর্মকাণ্ড নিরুৎসাহিত করা হচ্ছে। বরং কিছু উপদেষ্টার ফেসবুক পোস্টেও আমরা এর প্রতি সমর্থন লক্ষ্য করেছি। সরকার যদি এমন কর্মকাণ্ডকে সমর্থন দেয়, তাহলে তো নৈরাজ্য অনিবার্য।”
অন্যদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এই ঘটনায় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বহীনতার কথা বলেছেন।
বিশেষ করে বুলডোজার কোথা থেকে এলো, সে প্রশ্ন তুলে তিনি বলেন, “সরকার যদি সরাসরি এই ঘটনার সঙ্গে জড়িত থাকে, তবে তা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। সরকারকে অবিলম্বে এই পথ থেকে সরে আসতে হবে।”
