স্থানীয় সংবাদদাতা
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নামফলক ও ম্যুরাল ভাঙতে গিয়ে উপর থেকে পড়ে এক উগ্রবাদ সমর্থক ছাত্র আহত হয়েছে।
বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় প্রায় ২৫ ফুট উপর থেকে চারুকলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শাহজালাল আহমেদ জনি নীচে পড়ে যায়। তাকে সঙ্গে সঙ্গে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার একটি হাত ভেঙে গেছে। কোমরের হাড় এবং মেরুদন্ডেও আঘাত লেগেছে বলে জানিয়েছে সহপাঠীরা।
তার সঙ্গী অপর উগ্রবাদীদের অভিযোগ, নামফলক গুঁড়িয়ে দিতে চাইলে ‘বাধা দেন’ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক হাবিবা সুলতানা।
যদিও ভিডিওতে দেখা গেছে, জনি একটি মই বেয়ে নামফলক ভাঙতে ওঠে হাতুড়ি নিয়ে। কিন্তু একপর্যায়ে মইটি হড়কে গেলে জনি ওপর থেকে নিচে কংক্রিটের মেঝের ওপর আছড়ে পড়ে। নামফলক ভাঙার চেষ্টার সময় কাউকে সেখানে বাধা দিতে দেখা যায়নি। বরং উৎসাহ দিচ্ছিল উগ্রবাদ সমর্থক শিক্ষার্থীরা।
এর আগে, রাত ১০টার টার দিকে ক্যাম্পাসের কেন্দ্রীয় লাইব্রেরির মুজিব ম্যুরাল ভেঙে দেয় উগ্রবাদীরা। পরবর্তীতে তারা শেখ মুজিবুর রহমান হলের ফটকের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে জুতা নিক্ষেপ ও পরে তা হাতুড়ি দিয়ে গুঁড়িয়ে দেয়।

এ সময় ‘ফ্যাসিবাদের ঠিকানা; এই বাংলায় হবে না’, ‘রশি লাগলে রশি নে, মুজিববাদের কবর দে’, ‘মুজিববাদ মুর্দাবাদ; ইনকিলাব জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দেয় উগ্রবাদীরা।
নজরুল বিশ্ববিদ্যালয়ের এক উগ্রবাদী বলে, “আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, খুনি হাসিনা এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমাদের শহীদ ভাইয়ের রক্তের দাবি, শেখ হাসিনার ফাঁসিসহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।”
কর্মসূচিতে অংশগ্রহণ নেয় ৩০-৪০ জন উগ্রবাদী। তারা জাতির জনকের প্রতিকৃতি গুঁড়িয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের সামনে আসে।
