বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রত্যাখ্যান করলেন সেলিম মোরশেদ

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রত্যাখ্যান করলেন সেলিম মোরশেদ
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক

ঘোষণা দেওয়ার পর আবার স্থগিত হওয়া ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ প্রত্যাখ্যান করলেন লেখক সেলিম মোরশেদ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণার পর তালিকায় থাকা কারো কারো সম্পর্কে ‘কিছু অভিযোগ’ ওঠায় শনিবার পুরস্কার স্থগিত করা হয়। পরবর্তী তিন কর্মদিবসের মধ্যে পুনর্বিবেচনার পর তালিকাটি পুনঃপ্রকাশ করার সিদ্ধান্ত জানায় বাংলা একাডেমি।

শনিবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটির এই সিদ্ধান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় একাডেমির জনসংযোগ বিভাগ। তাতে বলা হয়, “উদ্ভূত সামাজিক-রাজনৈতিক পরিস্থিতিতে এবং পুরস্কার-তালিকাভুক্ত কারও কারও সম্পর্কে কিছু অভিযোগ আসায় পূর্বঘোষিত ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’-এর পুনর্বিবেচনার প্রয়োজন সম্পর্কে আলোচনা হয়।”

প্রসঙ্গত, এ বছর কবিতায় মাসুদ খান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ/গদ্যে সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান ও মুক্তিযুদ্ধে মোহাম্মদ হাননান এবারের পুরস্কারের তালিকায় ছিলেন।

তালিকায় নারী লেখকের নাম না থাকায় একে ‘বিস্ময়কর’ বলে মন্তব্য করে শুক্রবার ফেসবুকে পোস্ট দেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পুরস্কারের ‘মনোনয়ন প্রক্রিয়া’ সংস্কারের দাবি তোলেন তিনি। এরপরই পুরস্কার স্থগিতের সিদ্ধান্ত জানায় বাংলা একাডেমি। ফারুকী আবার সেই স্থগিতাদেশের খবর ফেসবুক পোস্টে জানান। তখনই অভিযোগ ওঠে এই পুরস্কার স্থগিতের পেছনে ফারুকী হস্তক্ষেপ করেছেন। সাংস্কৃতিত পরিমন্ডলের অনেকেই ফেসবুকে লিখেছেন ফারুকীর হস্তক্ষেপ নিয়ে।

এদিকে, পুরস্কার স্থগিতের পর রোববার দুপুরে বাংলা একাডেমির সামনে ‘ঘেরাও কর্মসূচি’ পালন করে ‘বিক্ষুব্ধ কবি-লেখক সমাজ’ ও ‘জাতীয় সাংস্কৃতিক বিপ্লব’ নামের দুটি গোষ্ঠী। তারা বাংলা একাডেমির আমূল সংস্কার ও পুরস্কার কেলেঙ্কারিতে জড়িতদের শাস্তির দাবি জানান।

রোববার সেলিম মোরশেদ পুরস্কার প্রত্যাখ্যানের সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করে ফেসবুক পোস্ট দেন।

সেখানে সেলিম মোরশেদ লিখেছেন, গত ২৩শে জানুয়ারি বৃহস্পতিবার ঢাকা থেকে যশোরে ফেরার পর জানতে পারেন তাকে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত করা হয়েছে। পুরস্কার প্রাপ্তির খবরে আনন্দের চেয়ে বেশি বিস্মিত হন তিনি।

তার ভাষায়, “বাংলা একাডেমি বা এই জাতীয় প্রতিষ্ঠানের কাছে আমার গ্রহণযোগ্যতা কেন থাকবে, সেটাই ভেবে অবাক হয়েছি।”

তার দাবি, পুরস্কার ঘোষণার আগে তার সঙ্গে একাডেমির কোনো যোগাযোগ হয়নি। পুরস্কারের বিষয়টি আচমকাই জানতে পেরে তিনি বিস্মিত হন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

সেলিম মোরশেদ পোস্টে উল্লেখ করেন, পুরস্কারের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা, রাজনৈতিক অবস্থান বিশ্লেষণ এবং তাকে লবিংয়ের মাধ্যমে পুরস্কারপ্রাপ্ত বলে দাবি করা—এই তিনটি বিষয় তাকে গভীরভাবে নাড়া দেয়।

জুলাই-আগস্টের সরকারবিরোধী আন্দোলনের পক্ষে থাকার অবস্থান পরিস্কার করে তিনি বলেন, আমি রাজনৈতিকভাবে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছি। কিন্তু আমাকে নিয়ে লবিংয়ের যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। এই পরিস্থিতিতে পুরস্কারটি আর সম্মানজনক থাকলো না।

তার দাবি, কিছু অ-লেখক এবং লোভী-লেখকের ইন্ধনে তৎপরতা চলছে, যারা তার সম্মানহানির চেষ্টা করেছেন।

তিনি আরও বলেন, বাংলা একাডেমির এই পুরস্কার বিনীতভাবে প্রত্যাখ্যান করছি। এটি আমার নিজস্ব সিদ্ধান্ত। পুরস্কারের জন্য দায়ী করা লবিস্টদের প্রশংসা করি, কারণ তারা আমাকে পুরস্কৃত করতে গিয়ে ঝুঁকি নিয়েছেন।

সেলিম মোরশেদ বলেন, “বাংলা একাডেমির প্রস্তাবক ও নির্বাচক মণ্ডলীর সাহিত্যরুচির শ্রেষ্ঠত্ব বজায় রাখার প্রয়াস তারিফযোগ্য। তবে এই পুরস্কার গ্রহণ করলে তা আমার জন্য এবং অনেকের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করত। ফলে আমি এ পুরস্কার গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি তার পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে লেখেন, “আমার সাহিত্য পাঠকদের ভালোবাসার ওপর দাঁড়িয়ে আছে, কোনো রাজনৈতিক আলটিমেটামের ওপর নয়। আমি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ প্রত্যাখ্যান করলাম।”

পোস্টের শেষাংশে তিনি পুনরায় “জুলাই-আগস্টের সরকারবিরোধী আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়ে লেখেন, “জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থান দীর্ঘজীবী হোক।”

পুরস্কার প্রত্যাখ্যান প্রসঙ্গে প্রতিক্রিয়ায় বাংলা একাডেমি মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, “এখন এ বিষয়ে কোনো মন্তব্য করব না। পুরস্কারের বিষয়টি এখন প্রক্রিয়ার মধ্যে আছে।”

উল্লেখ্য, আগামী ১লা ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেওয়ার কথা রয়েছে।

Visited 199 times, 1 visit(s) today