চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ, সিলেটে বৈষম্যবিরোধী কমিটির সদস্যকে শোকজ

চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ, সিলেটে বৈষম্যবিরোধী কমিটির সদস্যকে শোকজ
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক

সিলেটে চাঁদাবাজি ও চোরাচালানের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য আজমল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

আজমল হোসেন গোয়াইনঘাট সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

সোমবার, ২৭শে জানুয়ারি দুপুরে এই নোটিশ জারি করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সিলেট জেলার আহ্বায়ক আকতার হোসেন।

নোটিশে উল্লেখ করা হয়, আপনার বিরুদ্ধে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ এসেছে, যা সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থী। কেন আপনাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে তিন কার্যদিবসের মধ্যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হলো।

নোটিশে স্বাক্ষর করেছেন সংগঠনের সিলেট জেলার আহ্বায়ক আকতার হোসেন এবং সদস্যসচিব নুরুল ইসলাম।

তবে এই অভিযোগ অস্বীকার করে আজমল হোসেন দাবি করেন, আমি ও আমার সহকর্মীরা অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার। আমার ধারণা, যারা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তারাই মিথ্যা অভিযোগ করেছে। আমি চাঁদাবাজি ও চোরাচালানের সঙ্গে কোনোভাবেই যুক্ত নই।

এ প্রসঙ্গে সিলেট জেলার আহ্বায়ক আকতার হোসেন বলেন, অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে আমরা শোকজ করেছি। জবাব পাওয়ার পর অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয়রা জানান, আজমল সীমান্তের ওপার থেকে চোরাচালানের পণ্য আনা-নেওয়ার কাজে জড়িত। তার বিরুদ্ধে অভিযোগ আরও আগে থেকেই আছে। আগস্টের পর থেকে এলাকায় মানুষকে মামলা-হামলার ভীতি দেখিয়ে চাঁদা আদায় করেছে এবং অনেককে হুমকিও দিয়েছে মামলায় নাম ঢুকিয়ে দিবে বলে।

এই ঘটনায় সংগঠন এবং স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে আলোচনা চলছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত ও সিদ্ধান্তের মাধ্যমে বিষয়টির সমাধানের প্রত্যাশা করছে সংশ্লিষ্টরা।

Visited 34 times, 1 visit(s) today