পঞ্চগড়ে বৈষম্যবিরোধীদের বাধায় আদালতে বসেননি ৪ বিচারক

পঞ্চগড়ে বৈষম্যবিরোধীদের বাধায় আদালতে বসেননি ৪ বিচারক
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক

পঞ্চগড় জেলা ও দায়রা জজসহ চার বিচারকের অপসারণের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গতকাল বিক্ষোভ দেখানোর পর আজ সোমবার আদালতে বসেননি চার বিচারক।

তারা হলেন- জেলা ও দায়রা জজ মো. গোলাম ফারুক, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মণ্ডল, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুজ্জামান এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হেনা সিদ্দিকী।

তবে ওই চারজন ছাড়া অন্যান্য বিচারকরা উপস্থিত ছিলেন এবং আদালতের বাকি সব কাজ স্বাভাবিক ছিল।

আজ সোমবার, ২৭শে জানুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত পঞ্চগড় জেলা জজ আদালত ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে আইনজীবী ও বিচার প্রার্থীদের সমাগম দেখা গেলেও ওই চার বিচারকের অনুপস্থিততে তাদের আদালতের কার্যক্রম ব্যাহত হয়েছে।

তারা আদালতে না বসায় আজ যেসব মামলার দিন ধার্য ছিল, সেগুলোর তারিখ পুনর্নির্ধারণ করতে দেখা গেছে।

এর আগে গতকাল পঞ্চগড় জেলা ও দায়রা জজসহ চার বিচারকের অপসারণের দাবিতে আদালত ঘেরাও, আদালতের মূল ফটকে তালা ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাত ৮টার দিকে জেলা প্রশাসকের আশ্বাসের পর কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।

জেলা প্রশাসক তাদের প্রতিশ্রুতি দেন, অভিযোগ ওঠা চার বিচারক পঞ্চগড় আদালতে কোনো বিচারকাজ পরিচালনা করবেন না এবং তারা এখান থেকে চলে যাবেন।

Visited 38 times, 1 visit(s) today