ওয়েস্ট ইন্ডিজের কাছে নিজেদের বানানো ফাঁদেই কাটা পড়ল পাকিস্তান

ওয়েস্ট ইন্ডিজের কাছে নিজেদের বানানো ফাঁদেই কাটা পড়ল পাকিস্তান
শেয়ার করুন

প্রথম টেস্টে স্পিনারদের দাপটে মাত্র আড়াই দিনেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল পাকিস্তান। দ্বিতীয় টেস্টেও প্রায় একই চিত্র। শুধু দলদুটির অবস্থান পাল্টে গিয়েছিল। এবার আড়াই দিনে পাকিস্তানকে হারিয়ে ক্যারিবিয়ানরা দারুণ প্রতিশোধ নিল। ৩৪ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট জিতে এই দলটি ইতিহাস গড়ল।

সোমবার, মুলতান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে এসে পাকিস্তানকে ১২০ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ১৯৯০ সালে পাকিস্তানের মাটিতে টেস্ট জিতেছিল তারা। চতুর্থ ইনিংসে ক্যারিবিয়ানদের দেওয়া ২৫৪ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১৩৩ রানে গুটিয়ে গিয়েছে স্বাগতিকরা।

স্পিন-বান্ধব উইকেটে নিজেদের দ্বিতীয় ইনিংসে প্রায় আড়াইশর কাছাকাছি রান করেই জয়ের পথ প্রশস্ত করে নিয়েছিল উইন্ডিজ। দ্বিতীয় দিনের শেষে পাকিস্তানের প্রথম সারির ব্যাটসম্যানদের বিদায় নিয়ে দলটি পিছিয়ে পড়ে। তবে ৭৬ রানে ৪ উইকেট হারিয়েও পাকিস্তান কিছুটা ঘুরে দাঁড়াতে পারত। কিন্তু আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যানকে দ্রুত হারিয়ে তারা আর ফিরে আসতে পারেনি।

দিনের তৃতীয় ওভারেই সাউদ শাকিল আউট হয়ে যান। কেভিন সিনক্লিয়ারের বলে লিডিং এজে ক্যাচ তুলে নেন কেভাম হজ। পরের ওভারে জমেল ওয়ারিকানের বলে বোল্ড হয়ে যান কাশিফ আলী। এরপর সালমান আলী আগা এবং মোহাম্মদ রিজওয়ান মিলে ৩৯ রান যোগ করেন। কিন্তু সালমানের বিদায়ে এই জুটি ভেঙে গেলে পাকিস্তানের ইনিংসের অবসান ঘটে। শেষ চারটি উইকেট মাত্র সাত রানে হারিয়ে তারা বড় ব্যবধানে হেরে যায়। ২৫ রান করে ওয়ারিকানের বলে বোল্ড হয়ে যান রিজওয়ান।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২৭ রানের খরচায় ৫টি উইকেট নিয়ে ম্যাচসেরা হন ওয়ারিকান। প্রথম ইনিংসেও তিনি ৪ উইকেট পেয়েছিলেন। সিনক্লিয়ার ৩টি এবং গুডাকেশ মতি ২টি উইকেট নেন। দুই ইনিংস মিলে ১৮ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা ম্যাচের ফলাফল নির্ধারণ করেন।

Visited 30 times, 1 visit(s) today