খুলনায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন অর্ণব কুমার সরকার (২৫) নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে নগরীর শেখপাড়া তেতুলতলা মোড় এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।
নিহত অর্ণব খুলনার বসুপাড়া এলাকার বাসিন্দা এবং নিতিশ কুমার সরকারের ছেলে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অর্ণব মোটরসাইকেলে বসে তেতুলতলা মোড়ে চা পান করছিলেন। এ সময় ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান, হল প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান এবং ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত অর্ণবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অর্ণবের বন্ধু ফাহিম জানান, “আমরা একসঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছি। রাতে হঠাৎ গুলির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি লোকজন জড়ো হয়েছে। সেখানে তার মোটরসাইকেলের হেলমেট পড়ে থাকতে দেখে বুঝতে পারি, এটা আমার বন্ধু অর্ণব। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি।”
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “তেতুলতলা এলাকায় অর্ণব কুমার সরকারকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।”
নৃশংস এই ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের পক্ষ থেকে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
