এবার বিপিএলে আরও এক দলের ক্রিকেটারদের টাকা না পাওয়ার অভিযোগ

এবার বিপিএলে আরও এক দলের ক্রিকেটারদের টাকা না পাওয়ার অভিযোগ
শেয়ার করুন

দুর্বার রাজশাহীর পর এবার চিটাগাং কিংস দলের বেশ কয়েকজন ক্রিকেটার জানিয়েছেন টুর্নামেন্ট প্রায় শেষের দিকে চলে এলেও তারা এক টাকাও পারিশ্রমিক বুঝে পাননি। প্রতিশ্রুত অর্থ না পেয়ে চরম অনিশ্চয়তায় আছেন তারা। তাদেরকে চেক দেওয়া হলেও তা জমা দিলেই বাউন্স করছে।

জানা গেছে বেশ কয়েকজন খেলোয়াড় তাদের প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ প্রদান পাননি কারণ তাদের চেক বাউন্স হয়ে গেছে। ইতোমধ্যে তারা সহায়তার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আবেদনও করেছেন।

চট্টগ্রামের ফ্র্যাঞ্জাইজি চিটাগাং কিংসের একজন ক্রিকেটার গোপনীয়তার শর্তে একটি দৈনিককে বলেছেন, এখনো অর্থ পাননি তিনি। গত সপ্তাহে দুইবার চেক বাউন্স হয়েছে, “আমি এক টাকাও পাইনি। আমার চেক সপ্তাহে দু’বার বাউন্স হয়ে গেছে। শুধু আমিই নই, আরও কয়েকজন খেলোয়াড় এখনও কোন টাকা পাননি।”

তিনি বলেন এই অবস্থায় টাকা আদায়ে আন্দোলনে যাওয়া উচিত তাদের, “আমি কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে এই বিষয়ে কথা বলেছি। আমাদেরও তাই করা উচিত। কিন্তু আমরা ঐক্যবদ্ধ নই। ছেলেরা টাকা পাচ্ছে না। বিপিএল শেষ হতে চলেছে। যদি তারা এখন এটি না পায় তবে টুর্নামেন্টের পরে তারা আর পাবে না।’

এর আগে, দুর্বার রাজশাহী খেলোয়াড়দের সঙ্গে একই আচরণ করলে তারা অনুশীলন বর্জন করেন। পরে কিছু খেলোয়াড়কে অর্ধেক টাকা দিয়ে খেলায় ফেরানো হয়। তবে শ্রীলঙ্কান লাহিরো সামারাকোন দাবি করেন, তাকে কোন টাকা দেয়নি রাজশাহী।

জোড়াতালি দিয়ে বিপিএল করতে গিয়ে এবার কিছু দুর্বল ফ্র্যাঞ্চাইজি নিয়ে এসেছে ফারুক আহমেদের নেতৃত্বাধীন বিসিবি। ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স ছাড়া কোন দলই প্রতিশ্রুতি অনুযায়ী টাকা দিতে পারছে না। কেউ একটা অংশ দিয়ে খেলোয়াড়দের শান্ত রাখলে দুটি দল বেশিরভাগ ক্রিকেটারকে কোন টাকাই দেয়নি। এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন বিসিবির দায়িত্বশীলরা।

Visited 35 times, 1 visit(s) today