স্থানীয় সংবাদদাতা
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের পিটিয়ে দুটি ভারতীয় মহিষ ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠেছে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।
শনিবার ১৮ই জানুয়ারি দিবাগত রাত দেড়টায় বিজিবির পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।
বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের রাজাবাড়ী বিশেষ ক্যাম্পের মো. শাহ আলম বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন। এর আগে সকাল ১১টার দিকে মহিষ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
বিজিবির দায়ের করা মামলার আসামিরা হলেন- উপজেলার নাজিরপুর গ্রামের মুকুল (৫৫), হাসান (২৮), বিয়ানাবোনা গ্রামের আক্কাস (৫৯), জীবন (৩৩), মোল্লাপাড়া গ্রামের বাবলু (৫০), ডলার (৩২), নয়ন (৩৫), বিজয়নগর গ্রামের হামিদ (৩৫), জনি (৩৫), টনি (৩৩), বিয়ানাবোনা গ্রামের জনি (৪০) ও পবার গহমাবোনা গ্রামের সিজার (৩০)।
অভিযুক্তদের মধ্যে জনি ও টনি হলেন দেওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল হাই টুনুর দুই ছেলে। এলাকাবাসীর অভিযোগ, ৫ই আগস্টের পর থেকে তারা চাঁদাবাজি, জমি দখল, মারধর এবং অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার মতো অপকর্মের মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।
অন্যদিকে, আক্কাস হচ্ছেন দেওপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক সদস্য এবং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। বাবলু ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি চোরাপথে ভারতীয় গরু-মহিষ আনার কাজে যুক্ত। বিজিবির কাছে তার এই কর্মকাণ্ডের প্রমাণও রয়েছে।
নয়ন ৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। আর সিজার, যিনি পবা থেকে এসেছেন, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি হুন্ডি ব্যবসার সঙ্গে যুক্ত।
বাবলু এবং নয়ন দুজনই ঘাটিয়াল। স্থানীয়ভাবে যারা সীমান্তে চোরাকারবারের কাজ করেন, তাদের ‘ঘাটিয়াল’ বলা হয়। এরা অর্থের বিনিময়ে সীমান্তের এপাড় থেকে ওপাড়ে কিংবা ওপাড় থেকে এপাড়ে পণ্য পাচার করেন। শুধু তাই নয়, এরা অবৈধভাবে মানুষ পারাপারের কাজেও যুক্ত। ঘাটিয়াল বাবলু চোরাপথে গরু-মহিষ আনার জন্য কুখ্যাত। তার ব্যাপারে বিজিবির কাছে তথ্য রয়েছে। অন্যদিকে, সিজারের বিরুদ্ধে অভিযোগ, তিনি অর্থ পাচারের জন্য হুন্ডি কারবার চালান। সীমান্তের দুইপাড়েই তার হুন্ডি ব্যবসা রয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, নাজিরপুর গ্রামের গরু-মহিষের ব্যবসায়ী মুকুল ভারত থেকে চোরাপথে ২টি মহিষ এনে বাড়ির পাশের জঙ্গলে লুকিয়ে রাখেন—এমন তথ্য পায় বিজিবি। খবর পেয়ে বিজিবি সদস্যরা অভিযান চালালে মুকুল কৌশলে পালিয়ে যান। মুকুলকে পাওয়া না গেলেও মহিষ দুটি জব্দ করে তারা রাজাবাড়ী বিশেষ ক্যাম্পে ফেরার পথে রওনা দেন।
রাজাবাড়ী এলাকায় পৌঁছালে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হঠাৎ বিজিবি সদস্যদের ওপর আক্রমণ চালান। তারা মহিষ নিয়ে যেতে বাধা দেন এবং ভয় দেখিয়ে বলেন, “মহিষ ছেড়ে না দিলে বিজিবি সদস্যদের লাশ ফেলে দেওয়া হবে।” এরপর হামলাকারীরা বিজিবি সদস্যদের ধাক্কা দিয়ে মাটিতে ফেলে তাদের বেদম প্রহার করে মহিষ দুটি ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয় এবং তাদের নির্দেশনায় মামলাটি দায়ের করা হয়। ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন।
বিএনপি নেতা আক্কাসের মোবাইল নম্বরে ফোন দিলে তার ভাই শরীফ রিসিভ করেন। তিনি বলেন, “আমার ভাই বাড়িতে নেই। মহিষ নিয়ে কী হয়েছে, সে বিষয়ে আমি কিছু জানি না।”
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, “বিজিবি সদস্যদের মারধর এবং ভারতীয় মহিষ ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে। আমরা ছিনিয়ে নেওয়া মহিষ উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছি। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।”
