আজহারির মাহফিল কেন্দ্র করে ব্যাপক চুরি, তিন শতাধিক জিডি

আজহারির মাহফিল কেন্দ্র করে ব্যাপক চুরি, তিন শতাধিক জিডি
শেয়ার করুন
সংবাদ প্রতিবেদন

যশোরের পুলেরহাটে তিন দিনব্যাপী কোরআন মাহফিলের শেষ দিন ছিল গতকাল শুক্রবার। এদিন রাতে বক্তব্য দেন মিজানুর রহমান আজহারি। এতে প্রচুর মানুষ মাহফিল উপলক্ষে জমায়েত হন।

বিকেল থেকে মাহফিল এলাকায় মানুষ, হকার, খাবার বিক্রেতাদের ভিড় লেগে যায়। আশপাশের এলাকা থেকে জামায়াত-শিবিরের শত শত নেতাকর্মীর আগমনে এলাকা সরগরম হয়ে ওঠে। অচেনা মানুষে ভরে ওঠে এলাকা।

একই মাহফিলে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আহমাদুল্লাহও বক্তব্য দেন।

রাত সাড়ে ১০টার পর মাহফিল শেষ হলে জানা যায়, এলাকার বাড়িঘরে, দোকানে গণহারে চুরি হয়েছে। এতে মোবাইল ফোন, নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র খোয়া যাওয়ার খবর ছড়িয়ে পড়লে জনমনে আতঙ্ক দেখা দেয়।

যশোর কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার শারমিন আক্তার জানিয়েছেন, গতকাল গভীর রাত থেকে শনিবার বিকেল ৩টা পর্যন্ত স্বর্ণালংকার ও মোবাইল ফোন খোয়া যাওয়ার ঘটনায় ৩ শতাধিক জিডি করা হয়েছে।

তিনি বলেন, শুক্রবার রাত থেকে অসংখ্য মানুষ মোবাইল হারিয়ে যাওয়া বা চুরির ঘটনায় জিডি করতে আসে। তাৎক্ষণিক যারা মোবাইলের ডকুমেন্ট দেখাতে পেরেছে, তারা জিডি করতে পেরেছে। আর আজ শনিবার সকাল থেকে রীতিমতো ভিড় লেগেছে। জিডির সংখ্যা কয়েক হাজারে দাঁড়াবে বলে ধারণা করছি।

পদদলিত হয়ে আহত অর্ধশতাধিক

মাহফিলে গিয়ে পদদলিত হয়ে অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ১০ জনের আঘাত বেশি হওয়ায় তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- মইনুল ইসলাম (৩২), ওসমান গণী (১৮), জিয়ান (২১), মারজান (১৮), ইব্রাহীম (৪০), মাসুদ (২৬), সাইদুল (২৮), লাবলী (৩০) ও আফিফা (১৪)।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মেইন গেটে তালা দেখে অপেক্ষা করছিলেন অনেকেই। সেখানে ঠেলাঠেলি লাগলে একপর্যায়ে পেছনের লোকরা সামনে আসতে চেষ্টা করে। এতে হট্টগোল শুরু হয়। এসময় পেছন থেকে ধাক্কায় সামনে দাঁড়িয়ে থাকারা নিচে পড়ে গলে পদদলিত হন। এসময় কমপেক্ষ ৫০ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুবাইদা ইসলাম জানান, আহতরা পদদলিত হয়ে কমবেশি আহত হয়েছেন। তাদের মহিলা ও পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আফিফার অবস্থার গুরুতর। বাকিরা আশঙ্কামুক্ত।

তবে এই ধাক্কাধাক্কি উদ্দেশ্যমূলক এবং পকেটমাররা এই সুযোগে অনেকের মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে বলে জানান স্বেচ্ছাসেবকরা।

Visited 47 times, 1 visit(s) today