পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। জুলাই-আগস্টের সরকারবিরোধী আন্দোলন করতে গিয়ে হতাহত হয়েছে যারা, তাদের পরিবারের সহায়তার জন্য আর্মি স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে গান পরিবেশন করছেন তিনি।
তিনি আগামী ২৩শে ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্টেও গাইবেন। বিপিএল মিউজিক ফেস্ট পরবর্তীতে চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠিত হলেও রাহাত শুধু মিরপুরের অনুষ্ঠানেই গান গাইবেন।
আজকের কনসার্টে তিনি ফ্রিতে গাইছেন বলে আগেই ঘোষণা করেছিল আয়োজকরা। তবে বিসিবি জানিয়েছে, বিপিএল-এর অনুষ্ঠানে গান গাইতে রাহাত প্রায় ৪ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। আজ মিরপুর স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় রাহাত ফতেহ আলী খানকে পারফরম্যান্স ফি হিসেবে এই অর্থ দেওয়ার সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।
সভা শেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদ সাংবাদিকদের জানান, বিপিএল মিউজিক ফেস্টের জন্য ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে আয়োজিত তিনটি অনুষ্ঠানের টাইটেল স্পনসরশিপ স্বত্ব কিনেছে মধুমতি ব্যাংক। এজন্য ব্যাংকটি বিসিবিকে ৪ কোটি টাকা দেবে, যার প্রায় পুরোটা রাহাত ফতেহ আলী খানের সম্মানী বাবদ ব্যয় হবে।
বিপিএল উপলক্ষে তিন শহরে আয়োজিত মিউজিক ফেস্ট, তারুণ্যের উৎসবের লোগো ও মাসকট উন্মোচন, বিপিএল অফিসিয়াল থিম সং এবং গ্রাফিতি প্রকাশনা, তিন শহরে জায়ান্ট বেলুন প্রদর্শন, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন এবং সাতটি ফ্র্যাঞ্চাইজি শহরে ট্রফি ও মাসকট ট্যুর মিলিয়ে প্রায় ৭ কোটি টাকা বাজেটের অনুমোদনও সভায় দেওয়া হয়েছে।
বিপিএল মিউজিক ফেস্টের জন্য ইতোমধ্যে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে দর্শকদের আগ্রহ কম থাকায় টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রথমে প্লাটিনাম টিকিটের দাম ছিল ১২ হাজার টাকা, গোল্ড ৮ হাজার, সিলভার ৬ হাজার, গ্র্যান্ড স্ট্যান্ড ৪ হাজার এবং ক্লাব হাউজ (আপার) ২,৫০০ টাকা। নতুন দামে প্লাটিনাম টিকিটের মূল্য ৮ হাজার টাকা, গোল্ড ৬ হাজার, সিলভার ৪ হাজার, গ্র্যান্ড স্ট্যান্ড ১,৫০০ এবং ক্লাব হাউজের টিকিট ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
