সংবাদ প্রতিবেদন
সাভারে ওয়েলকাম পরিবহনের যাত্রীবাহী একটি চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
শুক্রবার ২০শে ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি’র সামনে এ ডাকাতির ঘটনা ঘটে।
জানা যায়, সন্ধ্যায় যাত্রীবাহী বাসটি চন্দ্রার দিকে যাচ্ছিল। এসময় বাসের ভেতরে যাত্রীবেশে থাকা তিন ডাকাত রেডিও কলোনি এলাকা পার পেরোতেই কয়েকজন যাত্রীকে ছুরিকাঘাত ও মারধর শুরু করে। যাত্রীদের প্রাণনাশের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোবাইল, নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে বিপিএটিসি’র গেটের সামনে নেমে পালিয়ে যায়।
জাবির ৪৯ ব্যাচের শিক্ষার্থী অনুপ সরকার বলেন, সন্ধ্যা পৌনে ৭টায় রেডিও কলোনি থেকে তিন ডাকাত বাসে উঠে যাত্রীদের সব মালামাল লুটে নেয়। বাস ড্রাইভারও ডাকাতদের এমএইচ গেটে নামিয়ে দিয়ে পালিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হেলপারকে আটক করা হয়েছে। একজনের অবস্থা আশংকাজনক।
এ বিষয়ে পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে ও বাসের চালক এবং হেলপারকে হেফাজতে রাখা হয়েছে।
ওয়েলকাম পরিবহনের এক প্রতিনিধি বলেন, বিপিএটিসি এলাকা থেকে ডাকাতরা বাসে উঠে ডাকাতি করেছে বলে জানতে পেরেছি। বাসসহ এর চালক ও হেলপার আশুলিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছে।
জাবি মেডিকেল সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ডা. নিংতম ও ডা. মামুনের সাথে কথা হয় প্রতিবেদকের। তাদের কাছ থেকে জানা যায়, জাবি শিক্ষার্থীরা এক যাত্রীকে আহতাবস্থায় মেডিকেল সেন্টারে নিয়ে আসেন। তিনি গুরুতর আহত ছিলেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে এনাম হাসপাতালে পাঠানো হয়। ওই যাত্রীর ১০ হাজার টাকা ও আইফোন নিয়ে গেছে ডাকাতরা। তবে সঙ্গে থাকা ব্যাগ দিতে অস্বীকৃতি জানালে ছুরিকাঘাত করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, ওই যাত্রীর বুকের ঠিক নিচে পেটে ছুরির আঘাত গুরুতর। জাবির মেডিকেল সেন্টারের প্রটোকলে বিশ্ববিদ্যালয়ের বাইরের কোনো ঘটনায় অ্যাম্বুলেন্স দেওয়ার নিয়ম না থাকলেও মানবিক দিক বিবেচনায় তাকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে এনামে পাঠানো হয়েছে।
জানা গেছে, গুরুতর আহত ওই রোগীর নাম শামীম। তার বয়স ৩৫ আনুমানিক। তার বাড়ি শ্রীপুর।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসান মাহবুব বলেন, শামীম নামে ছুরিকাঘাতে আহত একজনকে আনা হয়েছে। তার বুকসহ বিভিন্ন স্থানে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
