ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশের মেয়েরা। তবে টি-টোয়েন্টিতে হলো ঠিক উল্টো ফল। কুড়ি ওভারের ক্রিকেটে আইরিশদের কাছে হোয়াটওয়াশ হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ ম্যাচ হয় রোমাঞ্চকর। তাতে শেষ ওভারে বাংলাদেশকে ৪ উইকেটে হারা তারা।
এদিন আগে ব্যাট করে বাংলাদেশ করেছিল ১২৩ রান। ১ বল আগে ওই পুঁজি পেরিয়ে জেতে আইরিশরা। শেষ ওভারে ম্যাচ জিততে তাদের দরকার ছিল ১৫ রান। ঘটনাবহুল ওভারে প্রথম বলে উইকেট হারালেও লাউরা ডেলানির টানা তিন চারে জয় পায় সফরকারী দল।
টস জিতে আগে ব্যাট করতে নেমে সোবহানা মুশতারির ৪৩ বলে ৪৫ ও শারমিন আক্তার সুপ্তার ৩৩ বলে ৩৪ রানে ১২৩ রানের পুঁজি আসে। এই দুজন ছাড়া আর কেউ দাঁড়াতে না পারায় ১৪তম ওয়ারে ১ উইকেটে ১০৪ রানে থেকেও কেবল ১২৩ করতে পারে টাইগ্রেসরা।
রান তাড়ায় বিনা উইকেটে ৫৫ রান তুলে ভালো শুরু আনেন এমি হান্টার আর গ্যাবি লুইস। এই দুজনের বিদায়ের পর পথ হারানো আইরিশদের দিশা দেন ডেলানি। ৩১ বলে ৩৬ রানের দারুণ ইনিংসে ম্যাচ জিতিয়ে ফেরেন তিনি।
