গত ৬ বছর ধরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে অপরাজিত ছিল বাংলাদেশ, জিতেছিল টানা ১১ ম্যাচ। সেই জয়ের ধারায় এবার ছেদ পড়ল। শেরফাইন রাদারফোর্ডের সেঞ্চুরি আর শেই হোপের দারুণ ইনিংসে বাংলাদেশের বড় পুঁজি টপকে অনায়াসে জিতল স্বাগতিক দল।
সেন্ট কিটসে আগে ব্যাট করে বাংলাদেশ করেছিল ২৯৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, কিন্তু এই রান করতে তিনি লাগিয়ে ফেলেন ১০১ বল। এছাড়া ওপেনার তানজিদ হাসান ৬০ বলে ৬০ রান, মাহমুদউল্লাহ রিয়াদ ৪৪ বলে করেন অপরাজিত ৫০ রান।
ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক রারাদফোর্ড ৮০ বলে করেন ১১৩ রান। হোপ ৮৮ বলে ৮৬ রান। জাস্টিন গ্রেইভস ৩১ বলে ৪১ রান।
আগে ব্যাটিং বেছে বাংলাদেশ ভালো শুরু পাওয়ার পর দ্রুত দুই উইকেট হারায়। এরপর তানজিদ-মিরাজ ৯৭ বলে জুটিতে যোগ করেন ৭৯ রান। তানজিদের বিদায়ের পর আফিফ হোসেনের সঙ্গে আরও ৫৪ রান আনেন মিরাজ। তবে বাংলাদেশ ভারপ্রাপ্ত অধিনায়ক উইকেটের বিচারে ছিলেন ভীষণ মন্থর। শেষ দিকে জাকের আলি-মাহমুদউল্লাহ মিলে ৭৪ বলে ৯৪ রানের জুটি গড়লেও তিনশো ছাড়াতে পারেনি দলের পুঁজি।
বেশ ভালো উইকেটে ২৯৫ রান তাড়ায় ২৭ রানে ২ উইকেট পড়ে যায় ক্যারিবিয়ানদের। এরপর কেসি কার্টিকে নিয়ে ৬৭ রান জুটিতে প্রতিরোধ করেন। কার্টির ফেরার পর রাদারফোর্ড-হোপ মিলে ৯৩ বলে গড়েন ৯৯ রানের জুটি। এরপর গ্রেইভস-রাদারফোর্ড জুটিতে আসে ৫৭ বলে ৯৫ রান।
অনেকটা তুড়ি মেরে উড়িয়ে ১৪ বল আগে ম্যাচ শেষ করে দেয় তারা। তিন ম্যাচ সিরিজে এগিয়ে যায় ১-০ ব্যবধানে।
