সংবাদ প্রতিবেদন
বাংলাদেশে জুলাই-আগস্টে সরকারবিরোধী আন্দোলনে সমর্থন জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করে গ্রেপ্তার হওয়াদের মধ্যে আরও ২৪ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
সোমবার রাত ৮টায় তাদের বহনকারী ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এ সময় তাদের বরণ করে নেন বিক্ষোভ ও বিশৃঙ্খলার ফলে গ্রেপ্তার ও মামলার পর বাংলাদেশে ইতিপূর্বে ফিরে আসা অন্য প্রবাসীরা।
গ্রেপ্তার হয়ে প্রবাসজীবনের ইতি টেনে শূন্য হাতে বাংলাদেশে ফিরে আসা প্রবাসীরা এসময় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, সেই আন্দোলনের সমর্থন জানিয়ে বিক্ষোভ ও মিছিল করা অনেক প্রবাসী এখনো সেখানে পুলিশি হয়রানির শিকার হচ্ছেন।
দেশে সরকারবিরোধী আন্দোলনে বিদেশে বসে সমর্থন যোগানো, রাস্তায় বিক্ষোভ ও বিশৃঙ্খলার ফলে গ্রেপ্তার ও মামলার পর দেশে ফেরা এই প্রবাসীরা এখন পুনর্বাসন ও এককালীন আর্থিক সহায়তার দাবি জানান। বিমানবন্দরে তারা এ নিয়ে স্লোগানও দেন।
এর আগে গ্রেপ্তার হওয়া আরও ৭৫ প্রবাসীকে গেল ২৯শে নভেম্বর ক্ষমা ঘোষণা করে আমিরাত সরকার। তাদের মধ্যে ২৪ জন ফিরলেন। আগামী কয়েকদিনের মধ্যে ফিরবেন বাকিরাও। এ নিয়ে মোট ১৮৮ জনকে মুক্তি দিল দেশটি। ২৯শে নভেম্বর ক্ষমা ঘোষণা করা হয় ৭৫ জনকে।
দেশে ফিরে আসার পর কী করবেন জানেন না তারা, তাই দ্রুত পূনর্বাসন ও সহায়তা চান এই প্রবাসীরা।
