দীর্ঘ ক্যারিয়ারের সমাপ্তি টানছেন মুশফিক

দীর্ঘ ক্যারিয়ারের সমাপ্তি টানছেন মুশফিক
শেয়ার করুন

আগামী বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। শনিবার (২৮ নভেম্বর) সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোর্ডের পরিচালনা পর্ষদের পঞ্চম সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তামিম জানান, দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।

মিরপুরে সাংবাদিকদের বিসিবি সভাপতি বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের পর মুশফিকুর রহিম অবসরে যাচ্ছেন।’

তামিম জানান, কয়েকদিন আগেই মুশফিক তার এই সিদ্ধান্তের কথা তাকে জানিয়েছিলেন। বিসিবি সভাপতি বলেন, ‘কয়েকদিন আগে মুশফিক আমার সঙ্গে যোগাযোগ করে তার সিদ্ধান্তের কথা জানায়। এরপর থেকে তার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমি তাকে বলেছিলাম একটি সংবাদ সম্মেলন করে নিজেই যেন ঘোষণাটি দেয়। পাশাপাশি অনুরোধ করেছিলাম সে যেন ফেসবুক পোস্টের মাধ্যমে অবসরের ঘোষণা না দেয়। কারণ সে বাংলাদেশ ক্রিকেটের একজন মহান সেবক এবং আমি চেয়েছিলাম তার বিদায়টা যেন যথাযথ মর্যাদায় হয়।’

তিনি আরও যোগ করেন, ‘তবে মুশফিকের অনুরোধেই তার পক্ষ থেকে আমি এই ঘোষণাটি দিচ্ছি। তাই আমি আনুষ্ঠানিকভাবে জানাচ্ছি, ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ।’

মুশফিকের অবদানের কথা স্মরণ করে বিসিবি সভাপতি বলেন, ‘বিসিবির পক্ষ থেকে আমরা তাকে ধন্যবাদ জানাতে পারি এবং বাংলাদেশ ক্রিকেটে তার অসামান্য অবদানের স্বীকৃতি দিতে পারি। সে অসংখ্য ক্রিকেটার এবং উদীয়মান তরুণ খেলোয়াড়দের জন্য একজন দারুণ দূত এবং আদর্শ।’

এই উপলক্ষকে স্মরণীয় করে রাখতে বিসিবি বড় আয়োজনের পরিকল্পনা করছে বলেও জানান তামিম। তিনি বলেন, ‘মুশফিকের জন্য বিসিবি অবশ্যই একটি জাঁকজমকপূর্ণ সংবর্ধনার আয়োজন করবে। এর বাইরেও আরও কিছু উদ্যোগ থাকবে, যা আপনারা সময়মতো দেখতে ও জানতে পারবেন। তার মতো মাপের একজন ক্রিকেটার খেলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভেবে আমার খারাপ লাগছে, মনটা ভারী হয়ে আছে। তবে আসুন, আমরা এই টেস্ট ম্যাচটিকে একটি উৎসবে পরিণত করি।’

তামিম আরও বলেন, ‘এখন থেকে ফেব্রুয়ারি পর্যন্ত—যদি আমার ভুল না হয়ে থাকে, ১৪ তারিখ থেকে টেস্টটি শুরু হবে—আসুন আমরা শুধু তার ভালো স্মৃতি, দারুণ মুহূর্তগুলো এবং বাংলাদেশ ক্রিকেটে তার বিশাল অবদানের দিকেই মনোযোগ দিই।’

২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া মুশফিকুর রহিম বাংলাদেশের দীর্ঘতম সময় ধরে খেলা ক্রিকেটার। দেশের হয়ে রেকর্ড ১০৮টি টেস্ট খেলে ৩৮.৮০ গড়ে তিনি সংগ্রহ করেছেন ৭ হাজার ৬২ রান। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ ১৪টি সেঞ্চুরির রেকর্ডও তার দখলে।

সাদা পোশাকের ক্রিকেটে মুশফিকের সর্বোচ্চ ইনিংসটি অপরাজিত ২১৯ রানের। ২০১৮ সালের নভেম্বরে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে এই ইনিংস খেলেছিলেন তিনি।

এর আগে ২০২২ সালে টি-টোয়েন্টি এবং ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন এই উইকেটরক্ষক-ব্যাটার। এরপর থেকে তিনি কেবল আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘতম সংস্করণেই খেলছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন এই সিরিজটিই হতে যাচ্ছে বাংলাদেশের পরবর্তী টেস্ট সিরিজ।

Visited 9 times, 1 visit(s) today