মুন্সীগঞ্জ প্রতিনিধি। মুন্সীগঞ্জ, ২৬ নভেম্বর, ২০২৬।
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আধিপত্য বিস্তার ও রাজনৈতিক বিরোধের জেরে মুন্সীগঞ্জের চরাঞ্চলে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় প্রাণ বাঁচাতে রজতরেখা নদীতে ঝাঁপিয়ে পড়ে নিখোঁজ হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চর ডুমুরিয়া ও সামারচরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সেলিম মোল্লা। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাঁকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অন্তত পাঁচজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে আওলাদ মোল্লা ও রহিম মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগেও তাঁদের সমর্থকদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আওলাদ মোল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি এবং রহিম মোল্লাও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুজনই চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। নির্বাচনকে সামনে রেখে এলাকায় আধিপত্য প্রতিষ্ঠার বিরোধ থেকেই বৃহস্পতিবার সকালে তাঁদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ এবং থেমে থেমে গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে সংঘর্ষের মধ্যে নিরাপদ আশ্রয়ের খোঁজে সাঁতরে রজতরেখা নদী পার হওয়ার চেষ্টা করেন আলমগীর নামে এক ব্যক্তি। এ সময় তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে তিনি নদীতে নিখোঁজ হন। খবর পেয়ে তাঁকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান শুরু করেছে।
সংঘর্ষের পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে স্থানীয় দোকানপাট বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং টহল জোরদার করা হয়েছে।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। বৃহস্পতিবার সকালে সংঘর্ষের খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন।
তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ করছে।
উল্লেখ্য, গত ১২ নভেম্বরও মোল্লাকান্দিতে এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেদিন গুলিবিদ্ধ পাঁচজনসহ অন্তত ১০ জন আহত হয়েছিলেন।
