নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও পারিবারিক ব্যবসায়ে সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে। নিজের ছেলের ব্যবসায়িক আবদার রক্ষা করতে গিয়ে জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) পূর্বনির্ধারিত ম্যাচ বন্ধ রেখে মাঠ ও ভেন্যু অন্য টুর্নামেন্টের জন্য ছেড়ে দেওয়ার খবর পাওয়া গেছে।
অনুসন্ধানে জানা যায়, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (সাগরিকা) এনসিএলের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে জাতীয় লীগের খেলা স্থগিত রেখে সেই ভেন্যুতে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরের ছেলের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘স্পোর্টিফাই ইভেন্টস’-এর উদ্যোগে একটি বেসরকারি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। এতে চট্টগ্রামের ৯টি দল অংশ নিচ্ছে এবং টুর্নামেন্ট জুড়ে বিসিবির সব ধরনের সুযোগ-সুবিধা ও অবকাঠামো ব্যবহার করা হচ্ছে।
উল্লেখ্য, সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বিসিবি সভাপতি তামিম ইকবালের সম্পর্কে ফুফা। একই সাথে তিনি বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধানের দায়িত্বে রয়েছেন। সাধারণ কোনো কর্পোরেট হাউজ, ক্লাব বা বেসরকারি প্রতিষ্ঠান আবেদন করেও যেখানে বিসিবির আন্তর্জাতিক বা জাতীয় ভেন্যু ব্যবহারের সুযোগ পায় না, সেখানে স্বজনপ্রীতির মাধ্যমে নিজের ছেলেকে এই সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। এই প্রক্রিয়া বাস্তবায়নে বিসিবির গ্রাউন্ডস কমিটির প্রধান শাহনিয়ান তামিমও পূর্ণ অনুমোদন দিয়েছেন।
ক্রিকেট সংশ্লিষ্ট ও বিশ্লেষকদের মতে, ব্যক্তিগত ও পারিবারিক স্বার্থে জাতীয় ক্রিকেট লীগের সূচি ব্যাঘাত ঘটিয়ে বিসিবির সুযোগ-সুবিধা ব্যবহার করা স্পষ্টত স্বার্থের দ্বন্দ্ব এবং ক্ষমতার চরম অপব্যবহারের নামান্তর। এমন কর্মকাণ্ডে ঘরোয়া ক্রিকেটের মান ও বোর্ডের ভাবমূর্তি মারাত্মক ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করছেন সচেতন ক্রিকেটপ্রেমীরা।
এই ব্যাপারে সিরাজউদ্দিন আলমগীরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
