হুথি হামলার পর সৌদি লিগের তিন ম্যাচ স্থগিত

হুথি হামলার পর সৌদি লিগের তিন ম্যাচ স্থগিত
শেয়ার করুন

হুথি বিদ্রোহীদের সঙ্গে সংঘাত মারাত্মক রূপ নেওয়ায় ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরের ম্যাচসহ মোট তিনটি খেলা স্থগিত করেছে সৌদি পেশাদার লিগ (এসপিএল)।

লিগের ওয়েবসাইট মঙ্গলবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, লজিস্টিক সংক্রান্ত কারণ এবং ‘ম্যাচের মাঝে বাধ্যতামূলক ন্যূনতম বিশ্রামের সময়’ বিবেচনা করে লিগের নবম সপ্তাহের এ ম্যাচ তিনটি পিছিয়ে দেওয়া হয়েছে।

পুনঃনির্ধারিত সময়সূচি অনুযায়ী, টেবিলের শীর্ষে থাকা আল হিলাল ও আল রিয়াদের ম্যাচ এবং আল ইত্তিহাদ ও আল শাবাবের মধ্যকার খেলা দুটি পিছিয়ে ১৯ ডিসেম্বর নেওয়া হয়েছে। অন্যদিকে আল আহলি ও রোনালদোর দল আল নাসরের ম্যাচটি হবে ২০২৭ সালের ৬ মার্চ।
তবে নবম সপ্তাহের বাকি ম্যাচগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ীই যথারীতি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে এসপিএল কর্তৃপক্ষ।

এর আগে গত সোমবার রিয়াদে উজবেকিস্তানের ক্লাব নেফতচি ফারগানার বিপক্ষে আল নাসরের এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচটি এক ঘণ্টা বিলম্বিত হয়। সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে জানানো হয়, সৌদি রাজধানী রিয়াদ লক্ষ্য করে হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র মাঝপথে ধ্বংস করা হয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে সৌদি নেতৃত্বাধীন জোট ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত তীব্র আকার ধারণ করেছে। একই সঙ্গে দেশটির বিভিন্ন বিমানবন্দর ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে।

চলতি সপ্তাহে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন নিহত হন এবং বিমান চলাচল বন্ধ হয়ে যায়। এটি ২০১৫ সালের পর রিয়াদে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা, যার পরপরই নতুন করে দুই পক্ষের লড়াই ছড়িয়ে পড়ে।

Visited 1 times, 1 visit(s) today