❐ নিজস্ব প্রতিবেদক
আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তাঁর এই ঘোষণাকে কেন্দ্র করে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কর্মকর্তাদের কেউ কেউ ডিসেম্বরের আগে বদলি হওয়ার চেষ্টা করছেন।
সম্ভাব্য রাজনৈতিক পরিস্থিতি ও প্রশাসনের ওপর এর প্রভাব নিয়ে সচিবালয়ে চলছে নানা আলোচনা।
সচিব থেকে শুরু করে উপসচিব পদমর্যাদার ৫৫ কর্মকর্তার সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ৫ জন সচিব, ১১ জন অতিরিক্ত সচিব, ১৬ জন যুগ্মসচিব ও ২৩ জন উপসচিব। তাদের মধ্যে ৯ কর্মকর্তা প্রশাসনে আতঙ্ক তৈরি হওয়ার বিষয়টি নাকচ করেছেন।
তবে অন্য কর্মকর্তাদের বড় অংশ ডিসেম্বরকে ঘিরে উদ্বেগ ও অনিশ্চয়তার কথা জানিয়েছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাবে, সেটিই তাদের প্রধান উদ্বেগ। তাঁর দেশে ফেরাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের তৎপরতা, রাজনৈতিক কর্মসূচি এবং সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে।
প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা ডিসেম্বরের আগেই বদলি হতে চাইছেন। তাদের কেউ কেউ এ বিষয়ে সংশ্লিষ্ট পর্যায়ে যোগাযোগও করছেন বলে জানা গেছে।
একজন অতিরিক্ত সচিব বলেন, ডিসেম্বর নিয়ে কর্মকর্তাদের মধ্যে অনিশ্চয়তা আছে। বিশেষ করে যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তারা পরিস্থিতি কোন দিকে যায়, তা নিয়ে চিন্তিত।
একজন যুগ্মসচিব বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে পরিস্থিতি কী হবে, তা নিয়ে প্রশাসনের ভেতরে আলোচনা আছে। কেউ কেউ তাই দায়িত্ব পরিবর্তনের কথা ভাবছেন।
বিএনপি ঘণিষ্ট একজন উপসচিব বলেন, ডিসেম্বরকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হলে প্রশাসনের ওপরও তার প্রভাব পড়তে পারে। এ কারণে অনেকেই আগেভাগে পরিস্থিতি বুঝতে চাইছেন।
আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ন মন্ত্রণালয়ের উপসচিবের দায়িত্বপালনকারী বর্তমানে সচিব হিসেবে কর্মরত এক কর্মকর্তা বলেন, ডিসেম্বরে কী হবে, সেটি এখনই বলা কঠিন। তবে শেখ হাসিনার ফেরার ঘোষণা নিয়ে প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হচ্ছে।
আরেক সচিব বলেন, রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হলে প্রশাসনের ওপরও চাপ তৈরি হতে পারে। গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কর্মকর্তাদের এ বিষয়টি মাথায় রেখেই চলতে হচ্ছে।
আওয়ামী লীগের আমলে সুবিধাভোগী এক সচিব বলেন, ডিসেম্বর নিয়ে কর্মকর্তাদের মধ্যে একধরনের অনিশ্চয়তা আছে। তবে প্রশাসনের দায়িত্ব হলো যে পরিস্থিতিই তৈরি হোক, দায়িত্ব পালন করা।
১৫ ব্যাচের এক সচিব বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর ডিসেম্বরের পরিস্থিতি নিয়ে কর্মকর্তারা স্বাভাবিকভাবেই হিসাব-নিকাশ করছেন।
আওয়ামী লীগ ও অন্তবর্তীকালীন সকারের সুবিধাভোগী এবং বিএনপি সরকারের সময় সচিব হওয়া আরেক কর্মকর্তা বলেন, পরিস্থিতি কী হবে, তা নির্ভর করবে রাজনৈতিক ঘটনাপ্রবাহের ওপর। এখন মূল বিষয় হলো সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা।
তবে ৯ কর্মকর্তা ডিসেম্বরকে কেন্দ্র করে প্রশাসনে আতঙ্কের বিষয়টি মানতে চাননি।
তাদের ভাষ্য, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে কর্মকর্তাদের মধ্যে আলোচনা থাকলেও সেটিকে আতঙ্ক বলা ঠিক হবে না।
একজন যুগ্মসচিব বলেন, পরিস্থিতি নিয়ে আলোচনা থাকতেই পারে। কিন্তু প্রশাসনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে—এমনটা বলা ঠিক হবে না।
একজন উপসচিব বলেন, বদলি প্রশাসনের স্বাভাবিক প্রক্রিয়া। কোনো কর্মকর্তা বদলি চাইলে সেটিকে ডিসেম্বরের পরিস্থিতির সঙ্গে সরাসরি যুক্ত করা উচিত নয়।
তবে উদ্বেগের কথা বলা কর্মকর্তাদের ভাষ্য, ডিসেম্বর যত এগিয়ে আসছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ঘিরে প্রশাসনের ভেতরে অনিশ্চয়তাও তত বাড়ছে।
