গ্রেপ্তার আর মব আতংকের মাঝেই শেখ হাসিনার জন্মদিন পালনঃ কেক কাটা হয়েছে ঘরের ভেতরে, গোপনে

গ্রেপ্তার আর মব আতংকের মাঝেই শেখ হাসিনার জন্মদিন পালনঃ কেক কাটা হয়েছে ঘরের ভেতরে, গোপনে
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের ছোট ছোট আয়োজনের খবর পাওয়া গেছে। বেশির ভাগ আয়োজনই হয়েছে লোকচক্ষুর আড়ালে, ঘরের ভেতরে বা বাসার মধ্যে। প্রকাশ্য কর্মসূচির চেষ্টা করলেই পুলিশি অভিযান ও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। কেক কাটার অভিযোগে অন্তত ঢাকা, চট্টগ্রাম, বাঁশখালী ও পটুয়াখালীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গ্রেপ্তার বা আটক হয়েছেন।

 

উত্তরায় সাবেক এমপির বাসায় ১৫ জন গ্রেপ্তার

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে বরগুনা-২ আসনের পলাতক সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমনের বাসায় অভিযান চালায় উত্তরা পশ্চিম থানা পুলিশ। সেখান থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার রেজাউল করিম জানান, তাঁরা হাসিনার জন্মদিন উপলক্ষে সেখানে জড়ো হয়েছিলেন এবং কেক কাটার পরিকল্পনা ছিল।

 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার আদালত সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁদের রিমান্ডে পাঠিয়েছেন। গ্রেপ্তারদের বেশির ভাগের বয়স ১৯ থেকে ২৮ বছরের মধ্যে, নামের তালিকায় ১৯ বছর বয়সীও আছেন। পুলিশের ভাষ্য, বাসার একটি টেবিলের ড্রয়ার থেকে বরগুনার পাথরঘাটার কাচুয়া ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের পদপ্রার্থী ২০ জনের নাম-পরিচয় সংবলিত ২০ পৃষ্ঠার কাগজ পাওয়া গেছে। সেগুলোতে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের লোগো, শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি এবং “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান ছিল। আসামিপক্ষের আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন আদালতে বলেন, তাঁরা কেক কাটা ও মিলাদ মাহফিলের জন্য জড়ো হয়েছিলেন, এটি সন্ত্রাসী কর্মকাণ্ড নয়। তিনি রিমান্ড বাতিলের আবেদন করেন। শিরোনামে “নাশকতার প্রস্তুতি”র অভিযোগ পুলিশের।

 

চট্টগ্রামে খাবার বিতরণ শেষে গ্রেপ্তার ৭

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামে ছাত্রলীগ কর্মীদের উদ্যোগে “শেখ হাসিনার ৮০তম জন্মদিন” উপলক্ষে দোয়া মাহফিল, দুস্থদের খাবার বিতরণ ও কেক কাটার আয়োজন করা হয়। তাঁরা প্রথমে পাঁচলাইশ এলাকায় কেক কাটেন, পরে বায়েজিদের একটি বয়স্ক আশ্রয়কেন্দ্রে খাবার বিতরণ করেন। সেখান থেকে বেরোনোর পর তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে তিনজন নারী আছেন। সমকালের তথ্যমতে, তাঁদের মধ্যে ১৬ ও ১৭ বছর বয়সী দুজনও রয়েছেন এবং সাতজনকে কারাগারে পাঠানো হয়েছে।

 

বাঁশখালীতে কেকসহ ৮ জন

চট্টগ্রামের বাঁশখালীতে বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুজন, ছাত্রলীগের চারজন ও যুবলীগের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। জন্মদিন উপলক্ষে আনা কেকও জব্দ করা হয়। সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে সোমবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তা সুধাংশু শেখর হালদার বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে অভিযান চালানো হয়েছে।

 

পটুয়াখালী: স্লোগান দিয়ে সরে গেলেন কর্মীরা

পটুয়াখালীর দশমিনায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ একটি বাসার তৃণমূল আওয়ামী লীগ কার্যালয়ে অভিযান চালায়। সেখানে জন্মদিনের কেক ও দোয়া মিলাদের প্রস্তুতি চলছিল বলে পুলিশ জানতে পারে। পুলিশ পৌঁছালে সেখানে থাকা নেতা-কর্মীরা “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান দিয়ে সরে যান। পুলিশ একটি ব্যানার জব্দ করে। পরে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।

পাবনায় ছাত্রলীগের কেক কেটে জন্মদিন পালন

পাবনায় জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৯তম জন্মদিন উপলক্ষে পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও সাঁথিয়া পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি, যুবলীগ নেতা রাশেদ খান আকাশের নেতৃত্বে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।

 

বরিশালে ঘরের ভেতর কেক, ভিডিও ছড়াতেই পুলিশের তল্লাশি

বরিশালের উজিরপুরে প্রকাশ্যে কোনো কর্মসূচি ছিল না। একটি কক্ষে গোপনীয়তা রক্ষা করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কেক কাটেন। ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় শুরু হয়। পুলিশ ভিডিও দেখে অংশগ্রহণকারীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

 

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। প্রথম আলোর ভাষ্যে, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত। ২০২৪ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি ভারতে অবস্থান করছেন। জুনে দলের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মিছিল করায় কয়েক ডজন নেতা-কর্মী গ্রেপ্তার হন। ওই সময় সেনা ও বিজিবি মোতায়েন হয়। দেশের প্রধান গণমাধ্যমগুলোকে হাসিনার বক্তব্য বা আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রচার করতে নিষেধ করা আছে বলে সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে। এ কারণে দলটির কর্মসূচি মূলত ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়।

 

Visited 31 times, 1 visit(s) today