নিজস্ব প্রতিবেদক
দেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে শিশুমৃত্যুর মিছিল থামছেই না। গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া প্রাদুর্ভাষে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও ৪টি শিশু। ফলে গত ছয় মাসে এই রোগে ও রোগের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৭ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, পরিস্থিতি এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ রূপ নিয়েছে।
২৪ ঘন্টার চিত্র
অধিদপ্তরের নিয়মিত জরুরি স্বাস্থ্যবার্তার তথ্য বিশ্লেষণ করে পাওয়া চিত্রে, গত এক দিনে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৮৮ জনের। একই সময়ে হামের লক্ষণ ও উপসর্গ দেখা গেছে ১,১৪৮ জনের শরীরে। উপসর্গ নিয়ে মারা যাওয়া ৪ শিশুর মধ্যে ২ জন ঢাকা বিভাগের, ১ জন চট্টগ্রাম এবং ১ জন ময়মনসিংহ বিভাগের। তবে আশার কথা, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে নতুন কোনো মৃত্যুর রেকর্ড হয়নি।
ছয় মাসের সার্বিক চিত্র (১৫ মার্চ-২০ সেপ্টেম্বর)
• শনাক্ত: নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা ২০,৫৬২ জন।
• উপসর্গ ও সন্দেহভাজন: হামের উপসর্গ দেখা গেছে মোট ১,৭৯,৮১৪ জনের দেহে।
• হাসপাতালে ভর্তি: হামের সন্দেহ নিয়ে এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১,৫৮,৫৮৯ জন রোগী।
• মোট প্রাণহানি: ১,০৫৭ জন (এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০১ জন এবং উপসর্গ নিয়ে ৯৫৬ জন)।
হাম আক্রান্ত ও মৃত্যুর এ ঊর্ধ্বমুখী সূচক দেশজুড়ে নতুন করে বড় ধরনের স্বাস্থ্য উদ্বেগের জন্ম দিয়েছে। শিশুদের মাঝে সংক্রমণের হার ও উপসর্গ বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষজ্ঞরা দ্রুত টিকাদান জোরদার এবং মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর তাগিদ দিচ্ছেন।
