দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই ‘সাফ চ্যাম্পিয়নশিপ’ শুরু হতে যাচ্ছে আগামী ৫ নভেম্বর। ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
একই দিন নিজেদের প্রথম ম্যাচে ভুটানের মুখোমুখি হবে আয়োজক বাংলাদেশ। আগামী ১১ নভেম্বর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী ভুটান ও শ্রীলঙ্কা। অন্যদিকে ‘বি’ গ্রুপে শক্তিশালী ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান ও মালদ্বীপ। ফিফার নিষেধাজ্ঞার কারণে প্রাথমিক এই সূচিতে নেপালকে রাখা হয়নি। তবে টুর্নামেন্ট শুরুর আগে নেপালের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেলে নতুন সূচি প্রকাশ করবে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।
গ্রুপ পর্বের খেলা শেষে আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। আর ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের। প্রতিযোগিতার সবগুলো ম্যাচই ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
