ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করল রিয়াল

ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করল রিয়াল
শেয়ার করুন

চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে নিজের সাবেক ক্লাব ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়ে জয় দিয়ে অভিযান শুরু করেছে হোসে মুরিনিয়োর রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার সান্টিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর ম্যাচে রিয়ালের হয়ে গোল দুটি করেন কিলিয়ান এমবাপে ও ফেদে ভালভের্দে।

ম্যাচের প্রথমার্ধে ইন্টার মিলানের ডিফেন্সের দুটি মারাত্মক ভুলের সুযোগ কাজে লাগিয়ে দুই গোলের লিড নেয় রেকর্ড ১৫ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। দ্বিতীয় অর্ধে ক্রিস্টিয়ান কিভুর দলের হয়ে কার্লোস অগাস্টো একটি গোল শোধ করে খেলায় উত্তাপ ফেরান। তবে শেষ পর্যন্ত সমতা ফেরাতে পারেনি ইতালিয়ান ক্লাবটি।

২০১০ সালে এই সান্টিয়াগো বার্নাব্যুতেই ইন্টারকে চ্যাম্পিয়নস লিগ ট্রফি জিতিয়েছিলেন মুরিনিয়ো। এর কয়েকদিন পরই রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিতে ইতালি ছেড়েছিলেন ‘স্পেশাল ওয়ান’। দীর্ঘ দুই মৌসুম রিয়ালের ঘরে কোনো বড় ট্রফি না আসা এবং ইউরোপিয়ান মঞ্চে দ্রুত বিদায়ের ধাক্কা সামলাতে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস আবার ফিরিয়ে এনেছেন এই পর্তুগিজ কোচকে। আর দ্বিতীয় মেয়াদে রিয়ালের ডাগআউটে ফিরে ট্রাফির খরা কাটানোর মিশন জয় দিয়েই শুরু করলেন তিনি।

লা লিগায় গত শুক্রবার রিয়াল বেতিসের কাছে মৌসুমের প্রথম হারের ধাক্কা সামলে এই ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে স্প্যানিশ জায়ান্টরা। অবশ্য ইন্টারের আক্রমণভাগের একাধিক সহজ সুযোগ নষ্ট এবং রিয়াল গোলরক্ষক থিবো কুর্তোয়ার দূরদর্শী সেভ না থাকলে ম্যাচের ফল অন্যরকমও হতে পারত।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে সফরকারী ইন্টার। মার্কাস থুরাম ও লাউতারো মার্তিনেসের দুটি বিপজ্জনক আক্রমণ দক্ষতার সঙ্গে প্রতিহত করেন রিয়াল গোলরক্ষক কুর্তোয়া। তবে ১৪ মিনিটের মাথায় আত্মঘাতী ভুল করে বসে ইন্টার। কুর্তিস জোন্সের দুর্বল পাসের সুযোগ নিয়ে ইয়ান বিসেককে চাপে ফেলেন ব্রাহিম দিয়াস। সেখান থেকে বল পান কিলিয়ান এমবাপে, যিনি বিদ্যুৎগতির শটে রিয়ালকে ১-০ গোলে এগিয়ে নেন।

কিছুক্ষণ পর আরও এক শিশুতোষ ভুলের খেসারত দেয় ইন্টার। ডি-বক্সের ভেতর বল পায়ে ইন্টার গোলরক্ষক জোসেপ মার্তিনেস ইতস্তত করার ফাঁকে তার দিকে ছুটে যান উরুগুয়ান তারকা ফেদে ভালভের্দে। মার্তিনেস বুঝে ওঠার আগেই তার থেকে বল কেড়ে নিয়ে ফাঁকা জালে পাঠান ভালভের্দে।

প্রথমার্ধেই ব্যবধান ৩-০ করার সুবর্ণ সুযোগ পেয়েছিল রিয়াল। তবে এবার আগের ভুলের দারুণ প্রায়শ্চিত্ত করেন ইন্টার গোলরক্ষক। এমবাপের নিচু শট ঠেকানোর পর জুড বেলিংহামের পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জের অবিশ্বাস্য শটটি রুখে দেন মার্তিনেস।

দ্বিতীয় অর্ধেও বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল মুরিনিয়োর শিষ্যরা। ব্রাহিম দিয়াসের পাস থেকে বেলিংহাম সরাসরি হেডার না করে বল নিয়ন্ত্রণের চেষ্টা করলে সময় পেয়ে যান গোলরক্ষক মার্তিনেস, আর তাতেই রক্ষা পায় ইন্টার। অন্যদিকে আলেসান্দ্রো বাস্তোনির দূরপাল্লার নিচু শট দুর্দান্ত দক্ষতায় কর্নারের বিনিময়ে রক্ষা করেন কুর্তোয়া।

৭৭ মিনিটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় ইন্টার। লাউতারো মার্তিনেসের ক্রস থেকে শক্তিশালী শটে গোল করে ব্যবধান ২-১ করেন কার্লোস অগাস্টো। এরপর শেষ মুহূর্তে তৈরি হয় নাটকীয়তা। রিয়ালের উইঙ্গার ভিনিসিউস জুনিয়র মাঠ ছাড়তে অতিরিক্ত সময় নেওয়ায় বদলি ফুটবলার আলভারো কারেরাসকে সাইডলাইনে অপেক্ষায় থাকতে দেখে ক্ষোভ প্রকাশ করেন স্বাগতিক সমর্থকরা।
ম্যাচের একদম শেষ মুহূর্তে হেনরিখ মখিতারিয়ানের ডিফ্লেক্টেড শট ফিরিয়ে রিয়ালের পুরো ৩ পয়েন্ট নিশ্চিত করেন রিয়ালের বিশ্বস্ত দেয়াল কুর্তোয়া।

Visited 3 times, 1 visit(s) today